‘যদি-কিন্তু নয়, বিজেপি-ই সরকার গড়ছে’— জেলা নেতাদের সাহসী বার্তা দিতে নির্দেশ রাজ্য নেতৃত্বের!

‘পরিবর্তন যাত্রা’ বৈঠকে জেলা নেতৃত্বকে নির্দেশ— বিজেপি সরকার গঠন করছে ধরে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিশ্রুতি দিন জনতার কাছে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠকে স্পষ্ট বার্তা: জনতার সঙ্গে কথা বলুন এই আত্মবিশ্বাস নিয়ে যে পশ্চিমবঙ্গে ‘পরিবর্তন’ নিশ্চিত এবং বিজেপি-ই সরকার গড়ছে। ‘যদি’ বা ‘কিন্তু’ নয়— সরাসরি প্রতিশ্রুতি দিন, সরকারে এসেই কাজ শুরু হবে। বিধাননগরে অনুষ্ঠিত ‘পরিবর্তন যাত্রা’ বৈঠকে জেলা স্তরের নেতৃত্বকে এমনই নির্দেশ দিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় নেতা সুনীল বনসল এবং ভূপেন্দ্র যাদব।

মঙ্গলবারের বৈঠকে রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতি ও প্রতিনিধিদের ডাকা হয়েছিল। উপস্থিত ছিলেন ‘পরিবর্তন যাত্রা’র দায়িত্বপ্রাপ্ত নেতারাও। সভার শেষপর্বে ‘পরিবর্তনের ভাষ্য’ কেমন হবে, তা নির্দিষ্ট করে দেন শমীক। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসছে— এ কথা ধরে নিয়েই সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে।

শমীকের বক্তব্যকে আরও জোরালো করেন ভূপেন্দ্র যাদব ও সুনীল বনসল। সূত্রের দাবি, বনসল মন্তব্য করেন— পশ্চিমবঙ্গে বিজেপি “যে কোনও মূল্যে সরকার গঠন করবে।” নেতাদের নির্দেশ দেওয়া হয়, এলাকায় গিয়ে সেতু, রাস্তা বা স্থানীয় উন্নয়ন সংক্রান্ত দাবিতে নির্দ্বিধায় সময়সীমা-সহ প্রতিশ্রুতি দিতে। এমনকি কত মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হবে, তা উল্লেখ করে কথা বলতে বলা হয়েছে।

গত কয়েক মাস ধরে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব বিভিন্ন মঞ্চে পশ্চিমবঙ্গে সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাসী সুরে বক্তব্য রাখছে। অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দলের সর্বভারতীয় মুখপাত্ররা প্রকাশ্যে দাবি করেছেন, আগামী নির্বাচনে তৃণমূলের পরাজয় নিশ্চিত। তবে দলের অন্দরে অনেকে মনে করছেন, নিচুতলার কর্মীদের মধ্যে সেই আত্মবিশ্বাস এখনও পুরোপুরি প্রতিফলিত হয়নি।

এই প্রেক্ষাপটে মঙ্গলবারের বৈঠককে সাংগঠনিক ‘মোটিভেশন সেশন’ হিসেবেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। কেন্দ্রীয় নেতৃত্বের আত্মবিশ্বাস রাজ্যের জেলা ও বুথস্তরের কর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়াই ছিল বৈঠকের মূল লক্ষ্য বলে মত রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর