বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে কঠোর নিষেধাজ্ঞা! নয়া বিধি আনছে নীতীশ কুমারের সরকার

লাইসেন্স ছাড়া মাছ-মাংস বিক্রি নয়, খোলা রাস্তায় ব্যবসায় কড়া নিষেধাজ্ঞা আনছে বিহার সরকার; নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিহারে এবার প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করার পথে হাঁটল নীতীশ কুমারের সরকার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্‌হা ঘোষণা করেছেন, নতুন বিধি কার্যকর হলে খোলা রাস্তায় বা উন্মুক্ত স্থানে আর মাছ-মাংস বিক্রি করা যাবে না। কেবলমাত্র লাইসেন্সপ্রাপ্ত দোকানদারেরাই নির্দিষ্ট নিয়ম মেনে বিক্রি করতে পারবেন। নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারের তরফে।

উপমুখ্যমন্ত্রী জানান, রাজ্যের সর্বত্র এই নির্দেশ কার্যকর করা হবে এবং খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নতুন বিধি জারি করা হবে। তাঁর কথায়, “রাজ্যের কোথাও কোনও ভাবে প্রকাশ্যে মাছ, মাংস বিক্রি করা যাবে না। সকলকেই নিয়ম মেনে চলতে হবে।” যদিও কবে থেকে এই নিয়ম কার্যকর হবে বা আইন লঙ্ঘন করলে কী ধরনের শাস্তির মুখে পড়তে হবে— সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

সরকারি সূত্রে ইঙ্গিত, শৃঙ্খলা ও জনপরিসরের ‘পরিচ্ছন্নতা’ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম চালু হলে লাইসেন্স ছাড়া ব্যবসা করা যাবে না। ফলে ফুটপাত বা অস্থায়ী দোকানে খোলা অবস্থায় মাছ-মাংস বিক্রির দিন শেষ হতে চলেছে বলে মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ।

প্রসঙ্গত, গত বছরের মার্চে উত্তরপ্রদেশে ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল যোগী আদিত্যনাথের সরকার। সেই সিদ্ধান্ত নিয়ে জাতীয় স্তরে আলোচনা হয়েছিল। এ বার বিহারেও প্রকাশ্যে মাছ-মাংস বিক্রির উপর নিয়ন্ত্রণ আরোপের পথে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ বিহার সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি জেলাশাসকদের উদ্দেশে বলেন, “সরকারের নির্দেশ কার্যকর করতে যথাযথ ব্যবস্থা নিতে হবে।”

উল্লেখ্য, বিহারে আগেই সম্পূর্ণ মদ নিষিদ্ধ করেছিল নীতীশ কুমারের প্রশাসন। জনজীবনে নিয়ন্ত্রণমূলক বিধির ক্ষেত্রে রাজ্যের এই নতুন পদক্ষেপ রাজনৈতিক মহলে নতুন বিতর্কেরও জন্ম দিতে পারে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত