ক্যাপ্টেন ভারতকে প্রকাশ্যেই চ্যালেঞ্জ তনুশ্রীর, শুরুতেই উত্তপ্ত ‘বিগ বস বাংলা সিজন ৩’

প্রথম ক্যাপ্টেন নির্বাচন ঘিরে ভোটাভুটির উত্তেজনার পরেই নতুন সংঘাত ‘বিগ বস বাংলা সিজন ৩’-এ। ভারত কৌলের নেতৃত্ব মানতে প্রকাশ্যেই আপত্তি তনুশ্রী রায় দাসের, বাড়ছে ঘরের উত্তাপ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ক্যাপ্টেন্সির লড়াই থেকেই জমে উঠেছে ‘বিগ বস বাংলা সিজন ৩’। হাউসমেটদের ভোটে প্রথম ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন অভিনেতা ভারত কৌল (Bharat Kaul), কিন্তু দায়িত্ব পাওয়ার পরেই তাঁর নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে আপত্তি তুলেছেন তনুশ্রী রায় দাস। ভোটাভুটি থেকে শুরু করে প্রভাব বিস্তারের অভিযোগ—ঘরের প্রথম বড় সংঘাত ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ফিরেছে ‘বিগ বস বাংলা সিজন ৩’। শোটি প্রযোজনা করছে Banijay Asia। শুরু থেকেই প্রতিযোগীদের মধ্যে সম্পর্ক, ভোটের সমীকরণ এবং নেতৃত্বের লড়াই ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।

প্রথম ক্যাপ্টেন নির্বাচনের দৌড়ে ছিলেন ভারত কৌল, সোনামণি সাহা, সৃজলা গুহ, মোনামি ঘোষ, সায়াক চক্রবর্তী, নন্দিনী দত্ত এবং তনুশ্রী রায় দাস। শেষ পর্যন্ত হাউসমেটদের ভোটে ভারতের নামেই পড়ে শিলমোহর।

বিগ বস বাংলা সিজন ৩-এ ভারত কৌল ও তনুশ্রী রায় দাসের সংঘাত

তবে ভোটের পর্বও ছিল যথেষ্ট উত্তপ্ত। নিয়ম অনুযায়ী কোনও প্রতিযোগী নিজেকে ভোট দিতে পারেননি। ফলে প্রত্যেককেই অন্যদের সমর্থন পাওয়ার জন্য নিজের যোগ্যতা তুলে ধরতে হয়েছে। সেই পর্বেই সামনে আসে ঘরের প্রথম মতবিরোধ।

নন্দিনী নিজের যোগ্যতার কথা অন্যদের বোঝাচ্ছিলেন। সেই সময় ভারত সোফা থেকে উঠে পড়ায় আপত্তি জানান মোনামি ঘোষ। তাঁর বক্তব্য ছিল, কেউ কথা বলার সময় মাঝপথে উঠে যাওয়া উচিত নয়।

এরপর সায়াক যখন কাকে ভোট দেবেন তা নিয়ে ভাবছিলেন, তখন সৃজলা গুহ তাঁর সঙ্গে কথা বলেন। বিষয়টি নিয়েও আপত্তি তোলেন মোনামি। তাঁর অভিযোগ, ভোটের সিদ্ধান্তে প্রভাব ফেলার চেষ্টা করা হচ্ছে।

বিগ বস বাংলা সিজন ৩-এ ভারত কৌল ও তনুশ্রী রায় দাসের সংঘাত
বিগ বস বাংলা সিজন ৩-এ ভারত কৌল ও তনুশ্রী রায় দাসের সংঘাত

ক্যাপ্টেন নির্বাচনের পর অবশ্য পরিস্থিতি আরও সরাসরি সংঘাতের দিকে যায়। প্রকাশিত প্রোমোয় তনুশ্রীকে ভারতের নেতৃত্ব নিয়েই প্রশ্ন তুলতে দেখা যায়। এমনকি তাঁর কর্তৃত্ব মেনে না নেওয়ার কথাও স্পষ্ট করে দেন তিনি।

তনুশ্রীর বক্তব্যের মূল সুর ছিল, যে ব্যক্তি নিজের ভাষার উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না, তিনি কীভাবে ক্যাপ্টেনের দায়িত্ব সামলাবেন। তিনি ভারতের নেতৃত্ব না মানার সিদ্ধান্তও প্রকাশ্যেই জানিয়ে দেন।

অন্যদিকে, তনুশ্রীর এই মন্তব্যের পাল্টা প্রতিবাদ করতে দেখা যায় ভারতকেও। ফলে ক্যাপ্টেন হওয়ার পর থেকেই ভারতের সামনে তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ। এখন দেখার, এই সংঘাত ব্যক্তিগত বিরোধে গড়ায়, নাকি ঘরের কৌশলগত সমীকরণকেও বদলে দেয়।

বিগ বস বাংলা সিজন ৩-এ ভারত কৌল ও তনুশ্রী রায় দাসের সংঘাত

 

এই মুহূর্তে বিগ বসের ঘরে ভারত কৌল ছাড়াও রয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত, আলেক্সান্দ্রা টেলর, নিরঞ্জন মণ্ডল, ঝিলম গুপ্ত, সোহিনী পাল, জয়িতা চট্টোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস, দুর্নিবার সাহা, সোনামণি সাহা, সৃজলা গুহ, মোনামি ঘোষ, সায়াক চক্রবর্তী, নন্দিনী দত্ত এবং তনুশ্রী রায় দাস।

‘বিগ বস বাংলা সিজন ৩’ প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে Star Jalsha-য় দেখা যাচ্ছে। পাশাপাশি JioHotstar-এ রয়েছে স্ট্রিমিংয়ের সুবিধা। ঘরের ২৪x৭ লাইভ ফিডের মাধ্যমে টেলিভিশনের এপিসোডের বাইরেও প্রতিযোগীদের গতিবিধি দেখার সুযোগ থাকছে দর্শকদের।

প্রথম ক্যাপ্টেনকে ঘিরেই যখন এতটা উত্তাপ, তখন আগামী পর্বগুলিতে ঘরের সমীকরণ কোন দিকে যায়, সেটাই এখন দেখার। ভারত-তনুশ্রীর প্রকাশ্য সংঘাত যে ‘বিগ বস বাংলা সিজন ৩’-এর আলোচনার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে, তা বলার অপেক্ষা রাখে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন