নজরবন্দি ব্যুরোঃ নরেন্দ্র মোদি সরকারের বিরোধিতায় ভারত বন্ধের ডাক দিয়েছে সর্বভারতীয় কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং শিল্পভিত্তিক ফেডারেশন সমূহ। ‘জনগণকে বাঁচাও এবং জাতিকে বাঁচাও’ এই কর্মসূচিতে ১২ দফা দাবিতে আগামী সোম এবং মঙ্গলবার ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। গত ২২ মার্চই সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের যুগ্ম মঞ্চের তরফে বৈঠকের ডাক দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ আরও মহার্ঘ্য হল পেট্রল-ডিজেল, এই নিয়ে ৫ বার, তবুও নির্বিকার সব সরকার
সেই বৈঠকেই দেশজুড়ে বনধ ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর দুইদিন ধরে দেশজুড়ে বনধের ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রের কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী ও জনবিরোধী নীতির বিরোধিতা করেই এই বনধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, দেশের সমস্ত ব্যাঙ্ক ইউনিয়নগুলিও এই বনধে অংশ নেবে।

ফলে ঐ দু দিন বন্ধ থাকতে পারে ব্যাংক। আর এই বন্ধ রুখতে তৎপর রাজ্য সরকার। নবান্নের তরফে জারি নির্দেশিকা। আর সেই নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী সোম এবং মঙ্গলবার রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ, অফিস এবং আদালত খোলা থাকবে। এই দু’দিন কোনও সরকারি কর্মী ছুটি নিতে পারবেন না।
আগামী সোম ও মঙ্গল ২ দিনের বনধের ডাক, রাজ্যকে সচল রাখতে নির্দেশিকা নবান্নের
ছুটির আবেদন করলেও তা মঞ্জুর করা হবে না। এই দু’দিন কোনও সরকারি কর্মী অনুপস্থিত থাকলে তাঁর বেতন কাটা যাবে। তবে কেউ হাসপাতালে থাকলে, বাড়িতে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটলে কিংবা গুরুতর অসুস্থ হলে ছাড় পাওয়া যাবে। এছাড়া যাঁরা মাতৃত্বকালীন ছুটিতে, শিশু দেখভালের ছুটিতে বা আর্নড লিভে আছেন, তাঁরা ছাড় পাবেন। তবে সেক্ষেত্রে ২৫ মার্চের আগে সেই ছুটির অনুমোদন থাকতে হবে।



