নজরবন্দি ব্যুরো: বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা নিয়ে বিকাশ ভবন অভিযানের ডাক বৃহ্ত্তর গ্র্যাজুয়েট টিচার্স এসোসিয়েশনের। দীর্ঘদিন ধরেই শিক্ষকদের জন্য বিভিন্ন দাবি নিয়ে কর্মসূচি পালন করে চলেছেন তারা। এবার পে স্কেল সংশোধন সহ একাধিক দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক। জমা দেওয়া হবে ডেপুটেশন। রাজ্যের সকল গ্র্যাজুয়েট শিক্ষকদের এই লড়াইয়ে সামিল হওয়ার আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ অক্টোবর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য


পশ্চিমবঙ্গ সরকার পোষিত হাইস্কুলের গ্র্যাজুয়েট শিক্ষকদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বৃহ্ত্তর গ্র্যাজুয়েট টিচার্স এসোসিয়েশন শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আগামীকাল অর্থাৎ ১৩ অক্টোবর বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে। বিকাশ ভবনের সন্নিকটে মিছিল ও জনসভা এবং শিক্ষামন্ত্রী, মধ্যশিক্ষা পর্ষদ ও কমিশনার অফ স্কুল এডুকেশনের দফতরে ডেপুটেশন জমা দেওয়া হবে। জানা গিয়েছে, এই মিছিলে উপস্থিত থাকবেন কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা। বিজিটিএ-র রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য বলেন,”আমরা পাস গ্র্যাজুয়েট টিচার্সরা দীর্ঘ দিন ধরে বঞ্চিত। সরকারকে বার বার জানালেও কর্ণপাত করছে না। তাই আমরা আগামী ১৩ অক্টোবর দুপুর ১২ টায় আচার্য্য সদনের সামনে থেকে একটি মিছিল শুরু করে সৌরভ ক্রিকেট অ্যাকাডেমির সামনে পৌঁছে একটা জনসভা করা হবে।”

আরও জানা যায়, আগামীকাল শিক্ষামন্ত্রী, মধ্য শিক্ষা পর্ষদ, কমিশনার অব স্কুল এডুকেশনের দফতরে ডেপুটেশন জমা দেওয়া হবে। সৌরেন ভট্টাচার্য রাজ্য সরকারের কাছে আবেদন জানান, বিদ্যালয় স্তরে প্রমোশন নীতি চালু করার পূর্বেই সর্বভারতীয় স্তরের সাথে সাযুজ্য রেখে পাস গ্র্যাজুয়েট শিক্ষকদের গ্রেড পে ৪৬০০ টাকা ধরে রোপা ২০১৯ এ পে স্কেল চেঞ্জ করা হোক। বিজিটিএ-র (Brihattara Graduate Teachers’ Association) রাজ্য সভাপতি ধ্রবপদ ঘোষাল গ্র্যাজুয়েট শিক্ষকদের উদ্দেশে বলেন “রাজ্যের সকল গ্র্যাজুয়েট শিক্ষকদের প্রতি আবেদন আপনারা সকলে নিজের বঞ্চনার প্রতিবাদে এই আন্দোলনে সামিল হন।”



কী কী দাবি নিয়ে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স এসোসিয়েশনের মিছিলে নামছে, জেনে নিন একনজরে।
১) সর্ব ভারতীয় স্তরের সাথে সাযুজ্য রেখে গ্র্যাজুয়েট শিক্ষকদের গ্রেড পে ৪৬০০ টাকা ধরে রোপা ২০১০ এ পে স্কেল সংশোধন করতে হবে ।
২) কেরিয়ার এডভান্সমেন্ট স্কিম (CAS) চালু করতে হবে।
৩) শিক্ষকদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম (WBHS) চালু করতে হবে।
৪) অবিলম্বে নবম দশম শিক্ষকদের সার্ভিস কনফার্মেশন করতে হবে।
৫) সারপ্লাস ট্রান্সফারের নামে শিক্ষকদের অনৈতিক বদলি করা যাবে না।
বিকাশ ভবন অভিযানের ডাক দিল BGTA, ‘বঞ্চিত’ গ্র্যাজুয়েট শিক্ষকদের সামিল হওয়ার আবেদন








