চলে গেলেন ‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর—বাংলা সাহিত্যের এক যুগের অবসান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলা সাহিত্য হারাল তার অন্যতম জনপ্রিয় কথাকারকে। প্রয়াত সাহিত্যিক মণি শঙ্কর মুখার্জি, যিনি পাঠকমহলে চিরপরিচিত ছিলেন ‘শংকর’ নামেই। বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত এই কিংবদন্তি লেখক। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্যজগৎ, পাঠকসমাজ এবং সংস্কৃতি মহল।

শংকরের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকবার্তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে তিনি লেখেন, এই সাহিত্যিকের প্রয়াণ বাংলা সাহিত্য জগতের জন্য অপূরণীয় ক্ষতি। বহু দশক ধরে পাঠকের মনোজগতে রাজত্ব করা এক সৃষ্টিশীল যুগের অবসান ঘটল তাঁর বিদায়ে।

‘কত অজানারে’ উপন্যাস দিয়ে সাহিত্যজীবনের সূচনা হলেও ‘চৌরঙ্গী’ তাঁকে এনে দেয় বিপুল জনপ্রিয়তা। কলকাতার শহুরে জীবন, মানুষের সম্পর্ক ও সমাজবাস্তবতাকে অনন্য ভাষায় তুলে ধরে এই উপন্যাস তাঁকে রাতারাতি বাঙালির ঘরের মানুষ করে তোলে। পরবর্তীকালে তাঁর একাধিক রচনা চলচ্চিত্রে রূপান্তরিত হয়ে আরও বৃহত্তর দর্শকসমাজের কাছে পৌঁছে যায়।

বিশেষভাবে উল্লেখযোগ্য সত্যজিৎ রায়ের পরিচালনায় নির্মিত ‘সীমাবদ্ধ’ এবং ‘জন অরণ্য’, যা শংকরের সাহিত্যকে আন্তর্জাতিক পরিসরেও পরিচিত করে। পরবর্তী সময়ে এই দুই উপন্যাস এবং ‘আশা আকাঙ্ক্ষা’ নিয়ে প্রকাশিত হয় তাঁর বহুল আলোচিত ট্রিলজি ‘স্বর্গ মর্ত পাতাল’। ১৯৫৯ সালে ঋত্বিক ঘটক তাঁর ‘কত অজানারে’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন। পরে পরিচালক বসু চ্যাটার্জিও ‘মানসম্মান’ উপন্যাসের চলচ্চিত্ররূপ দেন, যেখানে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী ও মুনমুন সেন।

সত্তর ও আশির দশকে বাংলা সাহিত্যে যখন সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার বা প্রফুল রায়ের মতো শক্তিশালী সাহিত্যিকরা নিজেদের স্বতন্ত্র ধারা তৈরি করছেন, তখন শংকর পাঠকমহলে গড়ে তুলেছিলেন এক আলাদা জগৎ। শহুরে মধ্যবিত্ত জীবনের সূক্ষ্ম পর্যবেক্ষণ এবং সহজ অথচ গভীর ভাষাশৈলী তাঁর লেখাকে অনন্য করে তুলেছিল।

শুধু প্রাপ্তবয়স্ক সাহিত্য নয়, কিশোর সাহিত্য ও স্মৃতিকথাতেও সমান সাবলীল ছিলেন তিনি। তাঁর স্মৃতিচারণমূলক লেখাগুলি প্রকাশের সঙ্গে সঙ্গেই বিপুল জনপ্রিয়তা পায়, যেন পাঠকের হাতে পৌঁছনো মাত্র ‘হট কেক’-এ পরিণত হত।

শংকরের প্রয়াণে বাংলা সাহিত্য হারাল এক যুগস্রষ্টাকে—যাঁর কলম শহর, মানুষ ও সময়কে নতুনভাবে চিনতে শিখিয়েছিল কয়েক প্রজন্মের পাঠককে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত