বেলডাঙা কাণ্ডে তদন্তে বড় মোড়! রাজ্য পুলিশের হাত ছাড়িয়ে NIA-র কাঁধে দায়িত্ব

বেলডাঙা হিংসা মামলায় রাজ্য পুলিশের হাত থেকে তদন্ত সরিয়ে NIA-র হাতে দায়িত্ব দিল কেন্দ্র। হিংসা পূর্বপরিকল্পিত কি না, দেশবিরোধী যোগ খতিয়ে দেখবে কেন্দ্রীয় সংস্থা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বেলডাঙার হিংসা কি নিছক ক্ষোভের বহিঃপ্রকাশ, না কি এর নেপথ্যে রয়েছে গভীর কোনও চক্রান্ত? এই প্রশ্নের উত্তর খুঁজতেই রাজ্য পুলিশের হাত থেকে তদন্তের ভার এ বার তুলে দেওয়া হল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। মুর্শিদাবাদের বেলডাঙা কাণ্ডের তদন্ত করবে National Investigation Agency (NIA)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে শীঘ্রই বিশেষ তদন্তকারী দল গঠন করে এলাকায় নামবে কেন্দ্রীয় সংস্থা।

সূত্রের খবর, খুব শিগগিরই NIA-র একটি টিম স্থানীয় থানায় পৌঁছে তদন্ত সংক্রান্ত সমস্ত নথি ও ‘কেস ডায়েরি’ নিজেদের হেফাজতে নেবে। রাজ্য পুলিশের প্রাথমিক তদন্তের পর এবার গোটা ঘটনাকে নতুন করে খতিয়ে দেখা হবে কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গিতে।

গত ১৬ জানুয়ারি ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল Beldanga। দেহ গ্রামে ফিরতেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় ৩৪ নম্বর জাতীয় সড়ক। চলে ব্যাপক পাথর ছোড়া, রেলপথ অবরোধ। অভিযোগ ওঠে সাংবাদিকদের মারধর ও তাঁদের গাড়ি ভাঙচুরেরও। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।

রাজ্য পুলিশের প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছিল, ওই পরিযায়ী শ্রমিক আত্মহত্যা করেছেন। কিন্তু মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এটি পরিকল্পিত খুন। সেই দাবি ঘিরেই বিষয়টি গড়ায় আদালতে।

এই ঘটনায় Calcutta High Court-এ একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা Suvendu Adhikari-ও মামলা করেন। ২০ জানুয়ারি হাইকোর্ট জানিয়ে দেয়, কেন্দ্র চাইলে এই মামলার তদন্ত জাতীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে করাতে পারে।

শেষ পর্যন্ত সেই পথেই হাঁটল কেন্দ্র। এখন NIA খতিয়ে দেখবে—এই হিংসা পূর্বপরিকল্পিত কি না, এর পিছনে কোনও সংগঠিত নেটওয়ার্ক বা দেশবিরোধী শক্তির যোগ রয়েছে কি না। একই সঙ্গে তদন্ত হবে, কীভাবে একটি মৃত্যুকে কেন্দ্র করে এত দ্রুত এলাকায় ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ল।

বেলডাঙা কাণ্ডে কেন্দ্রীয় সংস্থার তদন্ত শুরু হওয়ায় রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। NIA তদন্তে কী উঠে আসে, তার দিকেই এখন নজর গোটা রাজ্যের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত