10th ফেব্রুয়ারি, 2026 (মঙ্গলবার) - 8:51 অপরাহ্ন
23 C
Kolkata

আইসিসির উদ্যোগে ভারত–পাক ম্যাচে সমাধান, এবার বড়সড় বিবৃতি দিল BCCI

বয়কট হুমকির অবসান, আইসিসির উদ্যোগে সমাধান ভারত–পাক ম্যাচ জট—১৫ ফেব্রুয়ারি কলম্বোয় খেলা হবে, স্বস্তির বার্তা বিসিসিআইয়ের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কয়েক সপ্তাহের তর্জন–গর্জন, বয়কটের হুমকি আর কূটনৈতিক টানাপোড়েনের পর অবশেষে মিটল ভারত–পাকিস্তান ম্যাচের জট। পাকিস্তান শেষমেশ ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হওয়ায় টি-২০ বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচ ঘিরে অনিশ্চয়তার অবসান। এই পরিস্থিতিতে আইসিসির উদ্যোগের প্রশংসা করে বড় বার্তা দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

১ ফেব্রুয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করেছিল, তারা বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না। সেই সিদ্ধান্তে টুর্নামেন্ট জুড়ে অনিশ্চয়তা তৈরি হয়। আইসিসি তখন স্পষ্ট জানিয়ে দেয়, ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এরপর পিসিবি, বিসিবি এবং আইসিসির মধ্যে একাধিক দফায় বৈঠক হয়।

শেষ পর্যন্ত পাকিস্তান সিদ্ধান্ত বদলে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয়। ৯ ফেব্রুয়ারি রাতে পাকিস্তান সরকারও আনুষ্ঠানিকভাবে সেই অনুমতি দেয়। একই সঙ্গে আইসিসি জানায়, এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর কোনও আর্থিক, ক্রীড়া বা প্রশাসনিক শাস্তি আরোপ করা হবে না।

এই আবহে বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা বলেন, “আইসিসি উদ্যোগ নিয়ে লাহোরে বিসিবি ও পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনা করে একটি চমৎকার সমাধান বের করেছে। এটি একটি বন্ধুত্বপূর্ণ সমাধান, যেখানে ক্রিকেটকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, “পুরো কৃতিত্ব আইসিসির। তারা সবাইকে আলোচনার টেবিলে এনে বিষয়টির সুরাহা করেছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ম্যাচ হবে—এটাই সবচেয়ে বড় সুখবর।”

রাজীব শুক্লার মতে, ভারত–পাক ম্যাচ নিয়ে জট কেটে যাওয়ায় ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ এখন সাফল্যের দিকেই এগোচ্ছে। তিনি বলেন, এই আলোচনায় বাংলাদেশের অনুভূতিকেও গুরুত্ব দেওয়া হয়েছে, ফলে তারাও কিছুটা স্বস্তি পেয়েছে।

উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্বকাপ। শুরু থেকেই এই বয়কট বিতর্কে বিসিসিআই প্রকাশ্যে মন্তব্য করেনি। বোর্ডের অবস্থান ছিল, বিষয়টি সম্পূর্ণ আইসিসির আওতায় এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলই সমাধানের পথ খুঁজবে। এখন সেই সমাধান মিলতেই স্বস্তির বার্তা দিল ভারতীয় বোর্ড।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading