কোহলি–রোহিতের জন্যই বাড়তে পারে ODI ম্যাচ! ২০২৭ বিশ্বকাপের আগে সূচি বদলের ভাবনায় BCCI

২০২৭ ODI বিশ্বকাপকে সামনে রেখে একদিনের ম্যাচের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা BCCI-র। এতে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো অভিজ্ঞ তারকারা বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০২৭ সালের একদিনের বিশ্বকাপকে সামনে রেখে বড় পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সীমিত ওভারের ক্রিকেটে অভিজ্ঞ তারকাদের আরও বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে চলতি বছর থেকেই ODI ম্যাচের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে BCCI। এতে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটাররা আরও বেশি করে ৫০ ওভারের ফরম্যাটে খেলতে পারবেন বলেই মনে করা হচ্ছে।

বর্তমানে আন্তর্জাতিক সূচিতে টি-২০ ক্রিকেটের প্রাধান্য অনেক বেশি। তবে বোর্ডের ধারণা, বিশ্বকাপের আগে পর্যাপ্ত প্রস্তুতির জন্য খেলোয়াড়দের বেশি সংখ্যক একদিনের ম্যাচ খেলা প্রয়োজন। চলতি টি-২০ বিশ্বকাপ এবং আইপিএলের দীর্ঘ সূচি শেষ হওয়ার পর জুন মাস থেকেই ভারত আবার ODI ক্রিকেটে মনোযোগ দেবে।

- Advertisement -

প্রথমেই ভারতের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে একটি দ্বিপাক্ষিক সিরিজ় খেলবে টিম ইন্ডিয়া। সেই সিরিজ়ে একটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ রয়েছে। এর পরে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ়ও রয়েছে।

এদিকে বছরের শেষে নিউ জ়িল্যান্ড সফর নিয়েও বড় পরিবর্তনের ভাবনা চলছে। বর্তমান সূচি অনুযায়ী ওই সফরে পাঁচটি টি-২০, দু’টি ODI এবং দু’টি টেস্ট ম্যাচ হওয়ার কথা। তবে নতুন প্রস্তাব অনুযায়ী টি-২০ ম্যাচ কমিয়ে তিনটি করা হতে পারে এবং একদিনের ম্যাচ বাড়িয়ে চারটি করার পরিকল্পনা চলছে।

খবর অনুযায়ী, এই প্রস্তাব প্রথমে নিউ জ়িল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকেই দেওয়া হয়েছিল। যদিও এখনও দুই দেশের বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে খুব শিগগিরই সংশোধিত সূচি প্রকাশ হতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জয়ের পরই টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তার পর ২০২৫ সালে ইংল্যান্ড সফরের আগে দু’জনেই টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেন। ফলে এখন একদিনের ক্রিকেটই তাঁদের প্রধান আন্তর্জাতিক ফরম্যাট।

- Advertisement -

এদিকে জুন মাসেই ভারত সফরে আসছে আফগানিস্তান। আইপিএল শেষ হওয়ার পর শুরু হবে এই সিরিজ়। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, সিরিজ়ের একমাত্র টেস্ট ম্যাচটি ৬ থেকে ১০ জুন চণ্ডীগড়ের PCA স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এর পর শুরু হবে তিন ম্যাচের ODI সিরিজ়। প্রথম ম্যাচটি ১৪ জুন ধরমশালায়, দ্বিতীয় ম্যাচ ১৭ জুন লখনউয়ে এবং তৃতীয় ম্যাচ ২০ জুন চেন্নাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সব মিলিয়ে ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিতে এখন থেকেই একদিনের ক্রিকেটে বেশি গুরুত্ব দিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর