ভারতীয় ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস। মাঠে পারফরম্যান্স, ফর্ম্যাটে অংশগ্রহণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা—সব মিলিয়ে কেন্দ্রীয় চুক্তির কাঠামোতেই রদবদল করতে চলেছে বোর্ড। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ব্যাটারদের ব্যর্থতার মাঝেও যেখানে একমাত্র ধারাবাহিক মুখ ছিলেন বিরাট কোহলি, সেখানেই উঠে এসেছে চমকপ্রদ খবর—A+ গ্রেডে আর রাখা নাও হতে পারে বিরাট–রোহিতদের মতো তারকাদের। বোর্ডের অন্দরমহলে শুরু হয়েছে তীব্র চর্চা।
নিউ জিল্যান্ড সিরিজে বিরাট কোহলি প্রথম ম্যাচে ৯৩, শেষ ম্যাচে ১২৪ রানের লড়াকু ইনিংস খেললেও তিন ম্যাচেই ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। এই পারফরম্যান্সের প্রেক্ষিতেই কেন্দ্রীয় চুক্তির পুনর্মূল্যায়নের বিষয়টি সামনে এসেছে বলে সূত্রের খবর।

ANI-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, BCCI কেন্দ্রীয় চুক্তির গঠনেই বড় পরিবর্তনের পথে হাঁটতে পারে। এতদিন চুক্তিতে A+, A, B ও C—এই চারটি গ্রেড থাকলেও, অজিত আগরকর-এর নেতৃত্বাধীন নির্বাচনী কমিটি নাকি পরামর্শ দিয়েছে A+ গ্রেডটি পুরোপুরি তুলে দেওয়ার। বোর্ড সম্মতি দিলে ভবিষ্যতে শুধু A, B ও C—এই তিনটি গ্রেডই থাকবে।
এই সিদ্ধান্ত কার্যকর হলে শুধু বিরাট–রোহিত নন, A+ গ্রেডে থাকা জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাডেজা-রাও সেই গ্রেড হারাবেন। অর্থাৎ, বছরে ৭ কোটি টাকার সর্বোচ্চ চুক্তি কাঠামো থেকেই সরে আসতে হবে বোর্ডকে।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হল—নতুন চুক্তিতে শুধু নাম বা অতীত সাফল্য নয়, দেখা হবে ক্রিকেটাররা বর্তমানে কয়টি ফর্ম্যাট খেলছেন, তাঁদের ওয়ার্কলোড এবং বোর্ডের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তাঁরা কতটা গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে বিরাট, রোহিত ও জাডেজা মূলত শুধু ওয়ানডেতেই খেলছেন। সেই কারণেই তাঁদের B গ্রেডে নামানো হতে পারে বলে জল্পনা।


শুধু গ্রেড নয়, টাকার অঙ্কেও কাটছাঁটের সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত A+ ও A গ্রেডের ক্রিকেটাররা যথাক্রমে ৭ কোটি ও ৫ কোটি টাকা পান। B ও C গ্রেডে সেই অঙ্ক ৩ কোটি ও ১ কোটি। নতুন কাঠামোয় এই অঙ্ক কমতে পারে বলেই ইঙ্গিত।
তবে এই বদলের মধ্যেই ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তাও রয়েছে। রিপোর্ট অনুযায়ী, তিলক বর্মা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, ধ্রুব জুরেলদের মতো তরুণ ক্রিকেটারদের গ্রেড উন্নীত হতে পারে। বোর্ড যে আগামী দিনের দল গঠনে তরুণদের উপরেই বেশি জোর দিচ্ছে, তারই প্রতিফলন এই ভাবনায়।

সব মিলিয়ে প্রশ্ন একটাই—ভারতীয় ক্রিকেটে কি তবে ‘স্টার কালচার’-এর বদলে পুরোপুরি পারফরম্যান্স ও ফর্ম্যাট-কেন্দ্রিক চুক্তির যুগ শুরু হতে চলেছে?








