ভোটের পর রাতারাতি নাম বদল! ‘মসজিদবাড়ি রোড’ এখন ‘নেতাজিপল্লি’, ‘সিরাজ উদ্যান’ এখন ‘শিবাজি উদ্যান’

বারাসাতের নোয়াপাড়ায় রাতারাতি বদলে গেল রাস্তা ও উদ্যানের নাম। ‘মসজিদবাড়ি রোড’ থেকে ‘নেতাজিপল্লি’, ‘সিরাজ উদ্যান’ থেকে ‘শিবাজি উদ্যান’ ঘিরে বিতর্ক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফলপ্রকাশের পর রাজনৈতিক উত্তাপ যখন রাজ্য জুড়ে তুঙ্গে, ঠিক সেই সময় বারাসাতের নোয়াপাড়ায় ঘটে গেল এমন এক ঘটনা, যা নতুন করে বিতর্ক উসকে দিল। রাতারাতি বদলে দেওয়া হল এলাকার একাধিক রাস্তা ও উদ্যানের নাম। ‘মসজিদবাড়ি রোড’-এর সাইনবোর্ড সরিয়ে সেখানে লেখা হল ‘নেতাজিপল্লি রোড’। একইসঙ্গে ‘সিরাজ উদ্যান’-এর নাম বদলে হয়ে গেল ‘শিবাজি উদ্যান’। ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বারাসাত থানার অন্তর্গত নোয়াপাড়া এলাকায় এই নাম পরিবর্তনের ঘটনা ঘটে। বুধবার সকালে ঘুম ভাঙতেই এলাকার বাসিন্দারা দেখতে পান, পুরনো সাইনবোর্ডের জায়গায় ঝুলছে নতুন নামের বোর্ড। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়।

ঘটনার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। কে বা কারা এই কাজ করেছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। স্থানীয়দের একাংশের দাবি, ভোটের ফল প্রকাশের পর রাজনৈতিক আবহকে কেন্দ্র করেই পরিকল্পিত ভাবে এই নাম পরিবর্তন করা হয়েছে। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও মন্তব্য করা হয়নি।

‘মসজিদবাড়ি রোড’ নামটি বহু বছরের পুরনো বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। আচমকা সেই নাম বদলে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার একাংশ। অন্য দিকে, নতুন নামকরণকে সমর্থনও করছেন কেউ কেউ। ফলে বিষয়টি ঘিরে এলাকায় মতভেদও স্পষ্ট।

শুধু রাস্তার নামই নয়, ‘সিরাজ উদ্যান’-এর নাম বদলে ‘শিবাজি উদ্যান’ করা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোট-পরবর্তী বাংলায় প্রতীকী দখলদারির রাজনীতি আরও এক বার সামনে এল এই ঘটনায়।

ঘটনার পর এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ। প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলে সূত্রের খবর। তবে এই নাম পরিবর্তন সরকারি ভাবে অনুমোদিত কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত