ভোটের আগে বারানগরে উত্তপ্ত পরিস্থিতি—রাজনৈতিক সংঘর্ষে কার্যত অগ্নিগর্ভ এলাকা। তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে স্লোগান, পাল্টা স্লোগানে উত্তেজনা চরমে পৌঁছয়। ঘটনাস্থলে পৌঁছে যান দুই দলের প্রার্থী Sayantika Banerjee এবং Sajal Ghosh। তাঁদের উপস্থিতিতেই পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে।
শনিবার এই ঘটনায় বরানগরের বিভিন্ন এলাকায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিজেপি প্রার্থী সজল ঘোষ তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেন বলে অভিযোগ। পাল্টা তৃণমূল কর্মীরাও প্রতিবাদে সরব হন। ফলে দুই পক্ষ কার্যত মুখোমুখি অবস্থানে দাঁড়ায়।


কী নিয়ে শুরু সংঘর্ষ?
বিজেপির অভিযোগ, তাঁদের নির্বাচনী কার্যালয়ের সামনে লাগানো হোর্ডিং খুলে তৃণমূল নিজেদের প্রচার সামগ্রী বসিয়েছে। পাশাপাশি বিজেপির পতাকাও সরিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদ করতেই উত্তেজনার সূত্রপাত বলে দাবি সজল ঘোষের।
তিনি বলেন, “আমাদের হোর্ডিং খুলে নিজেদের লাগিয়েছে। পতাকাও তুলে নিয়েছে। এর প্রতিবাদ করতেই পরিস্থিতি তৈরি হয়েছে। কাউকে মারা হয়নি, তবে মানুষ সব বুঝছে।”
তৃণমূলের পাল্টা অভিযোগ
অন্যদিকে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সম্পূর্ণ ভিন্ন। তাঁর দাবি, বিজেপি ‘বহিরাগত’ এনে তাঁদের কর্মীদের উপর হামলা চালিয়েছে।


সায়ন্তিকার কথায়, “হকি স্টিক দিয়ে মারধর করা হয়েছে, মহিলা কর্মীদের শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে। শান্ত বরানগরকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। মানুষ এর জবাব দেবে।”
নিরাপত্তায় কড়াকড়ি
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। র্যাফ নামানো হয়েছে এলাকায়। প্রশাসন চেষ্টা করছে যাতে সংঘর্ষ আরও না বাড়ে।
ভোটের আগে এই ধরনের সংঘর্ষে উদ্বেগ বাড়ছে রাজনৈতিক মহলে। বরানগরের এই ঘটনা যে আসন্ন নির্বাচনে উত্তেজনার পারদ আরও চড়াবে, তা বলাই বাহুল্য।









