নজরবন্দি ব্যুরোঃ প্রতি শনিবার আর ব্যাঙ্ক বন্ধ নয় রাজ্যে। করোনা আবহে গত ২০ জুলাই থেকে প্রতি শনি রবিবার ব্যাঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এবার আনলক ৪ শুরু হওয়ার পর সেই সিদ্ধান্তের বদল হল। আজ রাজ্য সরকার নোটিশ জারি করেছে ব্যাঙ্ক বন্ধ এবং খোলা রাখার ব্যাপারে। শুক্রবার রাজ্যের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বাদে অন্যান্য শনিবার ব্যাঙ্ক খোলা থাকবে।
আরও পড়ুনঃ করোনা আবহে অ্যামাজন নিয়ে এলো রোজগারের দারুণ সুযোগ।
প্রতি শনিবার আর ব্যাঙ্ক বন্ধ নয় রাজ্যে। রাজ্য সরকারের অর্থ দফতর থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে, এবার থেকে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বাদে অন্যান্য শনিবার ব্যাঙ্ক খোলা থাকবে। উল্লেখ্য, আনলক ৪ এ কেন্দ্র জানিয়েছে কনটেইন্মেন্ট জোন ছাড়া অন্য কোন এলাকায় করা যাবেনা লকডাউন। এই সিদ্ধান্ত শুধু মাত্র শহরের ক্ষেত্রেই নয়। যেকোন জেলা, মফঃস্বল এমনকি পঞ্চায়েত এলাকার জন্যেও বহাল থাকবে।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী লকডাউন করা হবে রাজ্যে। মুখ্যমন্ত্রী বলেছেন “কেন্দ্রের নির্দেশিকায় যাই থাকুক না কেন, রাজ্যের ঘোষিত ৭, ১১ এবং ১২ সেপ্টেম্বরের সম্পূর্ণ লকডাউন হবেই”। অন্যদিকে স্কুল, কলেজ ও কোচিং সেন্টার সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং সিনেমা হল, সুইমিং পুল ও বিনোদন পার্ক আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যে।
এদিকে মেট্রো চলাচল নিয়েও বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। নবান্নে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক হয়৷ সূত্রের খবর আগামী ১৩ বা ১৪ই সেপ্টেম্বর থেকে কলকাতায় শুরু হবে মেট্রো পরিষেবা৷



