দু’মাস পর স্বস্তি! তারেক রহমানের উদ্যোগে ফের চালু বাংলাদেশ ভিসা, আগামী সপ্তাহ থেকেই আবেদন গ্রহণ

দু’মাস বন্ধ থাকার পর ভারতীয়দের জন্য বাংলাদেশ ভিসা পরিষেবা ফের চালুর সিদ্ধান্ত। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে আগামী সপ্তাহ থেকেই শুরু হতে পারে আবেদন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘ অনিশ্চয়তার অবসান হতে চলেছে ভারত-বাংলাদেশ যাতায়াতে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশ ভিসা পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রে খবর। প্রায় দু’মাস বন্ধ থাকার পর আগামী সপ্তাহ থেকেই পর্যটকসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা দেওয়া শুরু হতে পারে, যা দুই দেশের মানুষের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করা হচ্ছে।

এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতীয়দের জন্য ভিসা পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশি কূটনৈতিক দফতরের সামনে বিক্ষোভের ঘটনার পর তৎকালীন প্রশাসনিক নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। সেই সময় মুহাম্মদ ইউনূসের প্রশাসনের আমলে হাইকমিশনের তরফে ভিসা ইস্যু বন্ধ রাখা হয়েছিল।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আনেন। দুই দেশের পারস্পরিক যোগাযোগ ও জনগণের স্বার্থের কথা বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বিদেশমন্ত্রী খলিলুর রহমানকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। আলোচনা ও প্রশাসনিক পর্যালোচনার পরই ভিসা পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পর্যটন, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক যাতায়াত—সব ক্ষেত্রেই এর প্রভাব পড়বে।

আগামী সপ্তাহে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পর ধাপে ধাপে ভিসা আবেদন গ্রহণ শুরু হতে পারে বলে কূটনৈতিক মহলের ইঙ্গিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন