বাংলাদেশে ভোটের দিন ঘোষণা, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন

অন্তর্বর্তী সরকারের ১৬ মাসের মাথায় ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন; মনোনয়ন জমা থেকে প্রচার—সব পর্বের সময়সূচি প্রকাশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলাদেশে বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানান, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত চলবে ভোট। তবে ফল ঘোষণার দিন এখনও চূড়ান্ত হয়নি।

গত বছর কোটা-বিরোধী আন্দোলনের জেরে দেশজুড়ে অস্থিরতা তৈরি হয়। তারই মধ্যে ৫ অগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। তিন দিনের মাথায় ৮ অগস্ট দায়িত্ব নেয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তারপর থেকেই নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। যদিও ইউনুস ইঙ্গিত দিয়েছিলেন ২০২৬-এর জুন–জুলাইয়ের দিকে নির্বাচনের সম্ভাবনার কথা, কিন্তু তার আগেই ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন।

সিইসির প্রকাশিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। বাছাইপর্ব চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১১ জানুয়ারি, আর সেই আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি।

প্রার্থী প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা এবং প্রতীক বরাদ্দ। এরপর ২২ জানুয়ারি থেকে ভোটের আগের দিন ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলবে প্রচার।

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লক্ষের বেশি। দেশের বাইরে থাকা ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের সুযোগ রাখা হয়েছে। ইতিমধ্যেই ৩ লক্ষেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন বলে নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত