নজরবন্দি ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের আবেদনে সাড়া দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সারা দেশের ৫০৮টি স্টেশনের পাশাপাশি অমৃত ভারত স্টেশন প্রকল্পে নবরূপে সংযুক্ত হল বাংলার আরো একটি স্টেশন, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট! একথা আজ এক বার্তায় জানালেন খোদ সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: ডেরেক কি আদৌ সাসপেন্ডেড? ৪০ মিনিটের মধ্যে তৃণমূল সাংসদের ‘কামব্যাকে’ বাড়ছে জল্পনা
গত রবিবার ‘অমৃত ভারত’ প্রকল্প উদ্বোধনের সময় বালুরঘাট স্টেশন এই প্রকল্পের আওতায় ছিল না। এবার বালুরঘাটের অন্তর্ভুক্তিতে দেশের মোট ৫০৯ টি স্টেশনকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হল বলে রেলমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে। উল্লেখ্য, ‘অমৃত ভারত’ প্রকল্প উদ্বোধনের কয়েকদিন আগে এই প্রকল্পে বালুরঘাট রেল স্টেশনকে আওতায় আনার জন্য দিল্লিতে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সাথে দেখা করে এই দাবি জানানোর পাশাপাশি জেলা তথা উত্তরবঙ্গের রেল যোগাযোগ উন্নয়নের বিষয়ে একগুচ্ছ দাবি নিয়ে সনদ পেশ করেছিলেন সুকান্ত মজুমদার। কিন্তু গত রবিবার দেশের প্রধানমন্ত্রী এইপ্রকল্প উদ্বোধনের দিন জানা যায় দেশের মোট ৫০৮ টি রেল স্টেশনকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসলেও তাতে খোদ রাজ্য বিজেপির সভাপতির নিজস্ব সংসদীয় কেন্দ্রের রেল স্টেশনের নাম নেই।

পার্শ্ববর্তী জেলার কালিয়াগঞ্জ স্টেশনের নাম এই প্রকল্পে স্থান পেলেও বালুরঘাট স্টেশনের নাম না থাকা নিয়ে জেলায় তার বিরোধী দলগুলি এই নিয়ে সংসদের ব্যর্থতা নিয়ে আসরে নেমে পড়ে। আজ অমৃত ভারত প্রকল্পে বালুরঘাট রেল স্টেশনকে অন্তর্ভুক্ত করা হয়। আর কেন্দ্রীয় রেলমন্ত্রীর তরফে বার্তা হাতে আসার পরেই বিরোধীদের কুৎসার জবাব দিতে মাঠে নামেন সুকান্ত মজুমদার।

এক ভিডিও বার্তায় সুকান্ত মজুমদার বিরোধীদের কুৎসার জবাব দিতে গিয়ে বলেন, “আমরা জানতাম বালুরঘাট রেল স্টেশনকে এই প্রকল্পের সেকেন্ড ফেসে অন্তর্ভুক্ত করা হবে, তিনি আরো বলেন বিরোধীরা যখন এই নিয়ে কথা বলতে আরম্ভ করল তখন আমি রেলমন্ত্রীর সাথে দেখা করে শুধু বালুরঘাট নয়, গঙ্গারামপুর, বুনিয়াদপুর রেল স্টেশনকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে এসেছিলাম”।

তিনি আরও বলেন, “আজ বালুরঘাট রেল স্টেশন যেমন এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। আগামীতে জেলার ওই দুই স্টেশনকেও এই আওতায় নিয়ে আসা হবে। বিরোধীরা শুধু দেখতে থাকুন”। এদিকে সারাদেশের পাশাপাশি বালুরঘাট রেল স্টেশনকেও অমৃত ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসার খবর ছড়িয়ে পড়তেই জেলা জুড়ে খুশির হাওয়া।
সুকান্তর আবেদনে সাড়া, ‘অমৃত ভারত’ প্রকল্পের আওতায় এবার বালুরঘাট স্টেশন!




