নজরবন্দি ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতির পর রেশন দুর্নীতি মামলায় এই মুহূর্তে তোলপাড় রাজ্যে। তদন্তে তৎপর ইডি। দিন কয়েক আগেই গ্রেফতার করা হয়েছে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তারও আগে গ্রেফতার করা হয় ব্যবসায়ী বাকিবুর রহমানকে। ধৃত ব্যবসায়ীর সম্পত্তির হদিশ পেতেই চক্ষু চড়কগাছ ইডির। এই বাকিবুর একসময়ে নিজের ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন, ‘নিজে ডুবলে সবাইকে নিয়ে ডুবব।’


পুজোর আগেই ব্যবসায়ী বাকিবুর রহমানের বাড়িতে দীর্ঘ ৫১ ঘণ্টার তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগ উঠেছে, নিজের প্রভাব খাটিয়ে বেশি দামে কম পরিমাণ খাদ্য শস্য বিক্রি করতেন বাকিবুর। ৮০০ বা ৬০০ গ্রাম আটা বিক্রি করে এক কেজির দাম নিতেন বাকিবুর। এমনকী কিছু ব্যবসায়ীর সূত্রে চাল যেত বাংলাদেশে। ধৃতের সম্পত্তির খোঁজ করতে গিয়েই হতবাক তদন্তকারী আধিকারিকরা। দুবাইতে দুটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে তাঁর। বাকিবুর ও তাঁর আত্মীয়ের নামে ৯৫ জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে। উত্তর ২৪ পরগনা ও বহরমপুর সহ বেশ কিছু জায়গা মিলিয়ে মোট ১ হাজার ৬৩২ কাঠা জমির সন্ধান পাওয়া গিয়েছে। পার্ক স্ট্রিট, রাজারহাট, বারাসাত ও রঘুনাথপুরে ৯টি ফ্ল্যাট রয়েছে তাঁর।

ফিল্ম জগতেও টাকা ঢেলেছেন বাকিবুর রহমান। জানা গিয়েছে, ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ‘ম্যানগ্রোভ’ প্রযোজনা করেছিলেন বাকিবুর। যার মুখ্য চরিত্রে ছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় ও টলিউডের জনপ্রিয় মুখ নাইজেল আকারা। এছাড়াও বাকিবুরের একটি সিনেমায় আইটেম সং করেছিলেন রাখী সাওয়ান্ত। জানা গিয়েছে, বাকিবুর রহমানের প্রতিপত্তি বাম জমানা থেকেই ছিল। এমনকি এক হেভিওয়েট মন্ত্রীকে কিডনি দান করেছিলেন তিনি। এরপর থেকেই নাকি খাদ্যভবনে তাঁর প্রভাব বাড়তে থাকে। তবে ঘনিষ্ঠ মহলে বাকিবুর জানিয়েছিলেন, ‘ফাঁসলে সবাইকে জড়িয়ে দেব’।



বাকিবুরের গ্রেফতারির পর থেকেই নাম উঠে এসেছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। গত সপ্তাহে রেশন দুর্নীতি মামলায় ২১ ঘণ্টার তল্লাশি শেষে তাঁকে গ্রেফতার করেছে ইডি। আগামী ৬ নভেম্বর পর্যন্ত তাঁকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। তবে শুনানি চলাকালীন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অন্যদিকে, বাকিবুরের জেল হেফাজতের মেয়াদ বেড়েছে।
‘ফাঁসলে সবাইকে জড়িয়ে দেব’, ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



