সপ্তাহের শুরুতেই আতঙ্ক: বাঘাযতীন স্টেশনে দাউদাউ আগুন, প্ল্যাটফর্মে পুড়ে ছাই দোকান—ব্যাহত ট্রেন চলাচল

সোমবার সকালে বাঘাযতীন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অস্থায়ী দোকান। শিয়ালদহ দক্ষিণ শাখায় সাময়িকভাবে বন্ধ থাকে ট্রেন পরিষেবা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সোমবার সকালের ব্যস্ত সময়ে আচমকাই আতঙ্ক ছড়াল দক্ষিণ কলকাতায়। বাঘাযতীন রেল স্টেশন-এর ২ নম্বর প্ল্যাটফর্মে ভয়াবহ অগ্নিকাণ্ডে দাউদাউ করে জ্বলে ওঠে অস্থায়ী কাপড়ের দোকান। আগুনের জেরে সাময়িকভাবে থমকে যায় লোকাল ট্রেন পরিষেবা, চরম ভোগান্তিতে পড়েন অফিসযাত্রী ও নিত্যযাত্রীরা।

দমকল সূত্রে জানা গিয়েছে, সকাল আনুমানিক ৬টা ২০ নাগাদ প্ল্যাটফর্ম সংলগ্ন একটি অস্থায়ী দোকানে আগুন লাগে। মুহূর্তে তা পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। দোকানের ভিতরে থাকা কাপড় ও অন্যান্য দাহ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা দমকল বিভাগ। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বর্তমানে কুলিং প্রক্রিয়া চলছে।

প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর নেই। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ ও দমকল বিভাগ।

নিরাপত্তার স্বার্থে শিয়ালদহ দক্ষিণ শাখা-র ডাউন লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। প্রায় আধঘণ্টা পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকায় প্রভাব পড়ে আপ লাইনেও। একাধিক লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

উল্লেখ্য, অগ্নিকাণ্ড এই এলাকায় নতুন নয়। গত বছরের ডিসেম্বরে বাঘাযতীন স্টেশনের অদূরে রামগড় বাজারে বিধ্বংসী আগুনে প্রায় ৪০টি দোকান পুড়ে যায়। তার কিছুদিন আগেই আনন্দপুরের গুলশন কলোনিতে রাসায়নিক গোডাউনে আগুন লেগে দমকলকে বেগ পেতে হয়েছিল। বারবার এমন ঘটনায় নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার প্রশ্ন ফের উঠছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত