নজরবন্দি ব্যুরো: লিজেন্ডস লিগ ক্রিকেট প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে ইডেনে ফের ব্যাট হাতে দেখা যেত মহারাজকে। শুধু ব্যাট হাতে নয় তাঁকে দেখা যেত ক্যাপ্টেনের ভূমিকায়। কিন্তু দুঃখের বিষয় হল এই ম্যাচে আর তাঁকে ক্রিকেট হাতে আর দেখতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা। শোনা যাচ্ছে ব্যক্তিগত কারণেই ওই ম্যাচে খেলা সম্ভব হচ্ছে না সৌরভের।
যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্রায় ১০ বছর পর কলকাতার ক্রিকেট সমর্থকেরা আশা করেছিলেন যে তাঁদের পছন্দের ‘দাদা’ আবারও ইডেন গার্ডেন্সে ব্যাট হাতে নামবেন। তবে ইন্ডিয়া টুডে’তে প্রকাশিত একটি খবর অনুসারে জানা গিয়েছে, তেমনটা কিন্তু আপাতত আর হচ্ছে না। বিশ্ব একাদশ বনাম ইন্ডিয়ান মহারাজা দলের এই ম্যাচে তিনি খেলবেন না।

শুধু খেলা নয়, ইডেনে একটা রিইউনিয়নও দেখত শহরবাসী। কারণ একটা সময় সৌরভের নেতৃত্বে বীরেন্দ্র শেহওয়াগ, মহম্মদ কাইফের মতো যাঁরা ভারতীয় দলে খেলেছিলেন, তাঁদের অনেকেই খেলছেন লেজেন্ডস লিগে। ফলে আরও একবার শেহওয়াগদের ক্যাপ্টেনের ভূমিকায় দেখা যেত সৌরভকে। এই পুরো প্রোজেক্টের মুখ্য ভূমিকায় রয়েছেন সৌরভের ছোটবেলার বন্ধু সঞ্জয় দাস।
ক্রিকেট প্রেমীদের কাছে খারাপ খবর, লিজেন্ডস লিগে ব্যাট হাতে দেখা যাবে না সৌরভকে

সৌরভের নাম শোনার পর থেকে এই টুর্নামেন্ট ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা কিছুটা হলেও ফিকে হবে বলে আশা করা হচ্ছে। অনেকে তো মাঠে যাচ্ছিলেন আরও একবার সৌরভের সেই আগ্রাসী ব্যাটিং এবং নেতৃত্ব দেখার জন্য। সেটা আপাতত হচ্ছে না বলেই ধরে নেওয়া যায়।



