বাংলায় শীঘ্রই চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা। জুলাই মাস থেকেই উপভোক্তাদের হাতে পৌঁছে যেতে পারে Ayushman Bharat Health Card। কীভাবে অনলাইনে আবেদন করবেন, কারা এই সুবিধা পাবেন এবং কী কী নথি লাগবে— তা নিয়েই এখন জোর চর্চা সাধারণ মানুষের মধ্যে।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কেন্দ্রীয় প্রকল্পগুলিকে দ্রুত কার্যকর করার আশ্বাস দেওয়া হয়েছিল। সেই তালিকাতেই এবার গুরুত্ব পাচ্ছে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্প। সরকারি সূত্রে খবর, খুব শীঘ্রই বাংলার উপভোক্তারাও এই স্বাস্থ্য পরিষেবার সুবিধা নিতে পারবেন।


আবেদন করতে হলে প্রথমে যেতে হবে ABHA (Ayushman Bharat Health Account)-এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://abdm.gov.in/)। সেখানে ‘Apply for ABHA Card Online’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আধার নম্বর দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
তারপর আবেদনকারীকে নিজের ব্যক্তিগত তথ্য দিতে হবে। ইউজারনেম ও পাসওয়ার্ড তৈরি করার পর জেনারেট হয়ে যাবে ABHA আইডি। সব প্রক্রিয়া সম্পূর্ণ হলে সহজেই ডাউনলোড করা যাবে ডিজিটাল হেলথ কার্ড।
তবে শুধুমাত্র ওয়েবসাইট নয়, অন্য উপায়েও আবেদন করা সম্ভব। সেক্ষেত্রে PMJAY পোর্টালে যেতে হবে অথবা Ayushman App ডাউনলোড করতে হবে মোবাইলে। সেখানে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করার পর আধার বা রেশন কার্ড নম্বরের মাধ্যমে যোগ্যতা যাচাই করতে হবে।


যোগ্য হিসেবে বিবেচিত হলে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। মোবাইলে আসা OTP সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া শেষ হবে। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যেই পাওয়া যাবে স্বাস্থ্য কার্ড।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, ভূমিহীন পরিবার, দিনমজুর, তফশিলি জাতি ও উপজাতি পরিবার, কাঁচা বা এক কামরার বাড়িতে বসবাসকারী পরিবার এবং যেসব পরিবারে ১৬ থেকে ৫৯ বছরের কোনও উপার্জনক্ষম পুরুষ সদস্য নেই, তারা এই প্রকল্পের আওতায় আসতে পারেন। এছাড়াও ৭০ বছরের ঊর্ধ্বে সকলেই আয় নির্বিশেষে এই সুবিধা পাবেন।
আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবার বছরে সর্বাধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবে। তালিকাভুক্ত হাসপাতালে ভর্তি থেকে শুরু করে অপারেশন, পরীক্ষা, ওষুধ— সব ক্ষেত্রেই মিলবে ক্যাশলেস পরিষেবা। এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিন আগে থেকে ছাড়ার ১৫ দিন পর পর্যন্ত চিকিৎসা সংক্রান্ত খরচও এই প্রকল্পের আওতায় থাকবে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



