নজরবন্দি ব্যুরো: অজি মানেই অজেয়! মেয়েদের একমাত্র অ্যাশেজ টেস্টটি জিতে নিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে ৮৯ রানে হারিয়ে দিল ক্যাঙ্গারুর দেশের মেয়েরা। মেয়েদের অ্যাশেজে একটিমাত্র টেস্ট হবারই কথা ছিল ফলে এই ম্যাচ জিতে নেওয়ার সাথে সাথে সিরিজও জিতে গেল তাঁরা।
আরও পড়ুন: আচমকাই ধৈর্যচ্যূত ব্রিটিশ মেয়েরা, জেতার দোরগোড়ায় অস্ট্রেলিয়া
ট্রেন্টব্রিজে পঞ্চম দিনের খেলার ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৫২ রান। অন্যদিকে অস্ট্রেলিয়ার লক্ষ্য ৫টি উইকেট তুলে নেওয়া। তখনও ক্রিজে ছিলেন ইংল্যান্ডের শেষ ভরসা ড্যানি ওয়াট। সঙ্গী ছিলেন বোলার কেট ক্রস। কিন্তু উল্টো দিক থেকে একার পর এক উইকেট ফেলে দিলেন অস্ট্রেলিয়ার ঘাতক বোলার অ্যাশলে গার্ডনার। যার ফলে মাত্র ১৭৮ রানেই শেষ হয়ে গেল ব্রিটিশ মেয়েদের ইনিংস।

প্রথম ইনিংস থেকেই অ্যাশলে গার্ডনারের বল খেলতে অসুবিধায় পড়ছিলেন ইংল্যন্ডের ব্যাটাররা। দুই ইনিংস মিলিয়ে মোট ১২ উইকেট নিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে তো একাই নিলেন ৮ উইকেট।

মেয়েদের অ্যাশেজ টেস্টে প্রথমে টসে জিতে ৪৭৩ রান করে অস্ট্রেলিয়া। ১৩৭ রানের অসাধারণ ইনিংস খেলেন অ্যানাবেল সাথারল্যান্ড। জবাবে ইংল্যান্ড করে ৪৬৩। দ্বিশত রান করেন টামসিন বিউমন্ট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৫৭ রান তুলে ব্রিটিশদের ২৬৮ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। কিন্তু ধৈর্য্যের অভাবই হারের কারণ হয়ে দাঁড়াল। চতুর্থ দিনের একটি বাজে সেশনই ডেকে আনল এই হার।

একমাত্র টেস্টের পর মেয়েদের মধ্যে ৩টি একদিনের ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ হবার কথা রয়েছে। এখন ইংল্যান্ড হারের ধাক্কা সামলে ফিরে আসতে পারে কিনা সেটাই দেখার। এখন কিন্তু সর্বত্রই জয়জয়জকার অস্ট্রেলিয়ার। পুরুষদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর অ্যাশেজের প্রথম টেস্টেও জয় পেয়েছ অজিরা। এবার মেয়েরাও মুখে হাসি ফোটালেন সমর্থকদের।
অজি মানেই অজেয়! ইংল্যান্ডকে উড়িয়ে মেয়েদের অ্যাশেজ জিতে নিল অস্ট্রেলিয়া




