নজরবন্দি ব্যুরোঃ শেষমেশ হাত তুলেই নিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। রাজনৈতিক, আর্থিক অচলাবস্থার মধ্যে চলতি বছরে শ্রীলঙ্কায় এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্ট আয়োজনের পরিস্থিতি নেই, তা এশীয় ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
টি-২০ বিশ্বকাপের আগে অগাস্ট এবং সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে। এবারের আয়োজক ছিল শ্রীলঙ্কা। তবে কয়েকদিন ধরেই প্রতিবেশী দেশে এশিয়া কাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছিল। সেই আশঙ্কা সত্যি হল।

এবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিল, সেদেশ এশিয়া কাপ আয়োজনে তাঁরা অপারক। এর পর বৃহস্পতিবার বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক বসে। সেখানে ঠিক হয় এশিয়া কাপ আরব আমিরশাহিতে হবে।

বৈঠকের শেষে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি জানান, ‘এশিয়া কাপ আরব আমিরশাহিতে হবে। কারণ একমাত্র ওখানেই তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।’ এশিয়া কাপ আয়োজনের আগ্রহ দেখিয়েছিল বাংলাদেশও। কিন্তু আগস্ট মাসে ওপার বাংলায় বৃষ্টি হয়।

এশিয়া কাপ হবে আরব আমিরশাহিতে, জানিয়ে দিলেন সৌরভ
সেই কারণে প্রথমেই বাংলাদেশকে বাদ দেওয়া হয়। এদিন বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে ভারতে টুর্নামেন্ট সরিয়ে আনা নিয়ে আলোচনা হলেও শেষপর্যন্ত একই কারণে ভাবনা বদলাতে হয়েছে। ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর হবে এশিয়া কাপ। টি-২০ বিশ্বকাপের কথা ভেবে এবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে হবে টুর্নামেন্ট।



