অশোকনগরে শুরু বাণিজ্যিক তেল উত্তোলন, জুলাই থেকেই জ্বালানি মানচিত্রে পশ্চিমবঙ্গের নতুন অধ্যায়

অশোকনগর (Ashoknagar)-এ জুলাই থেকেই বাণিজ্যিকভাবে অপরিশোধিত তেল উৎপাদন শুরু করছে ওএনজিসি (ONGC)। আগামী বছরের শুরুতে প্রাকৃতিক গ্যাস উৎপাদনেরও লক্ষ্য, শিল্প ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা দেখছে রাজ্য।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী জুলাই মাস থেকেই উত্তর ২৪ পরগনার অশোকনগর (Ashoknagar)-এ বাণিজ্যিকভাবে অপরিশোধিত তেল উত্তোলন শুরু করতে চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ওএনজিসি (Oil and Natural Gas Corporation Limited)। এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গ দেশের জ্বালানি খাতে নতুন গুরুত্ব পাবে বলেই মনে করা হচ্ছে। শুধু তেল উৎপাদন নয়, আগামী বছরের গোড়াতেই একই ক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাসের বাণিজ্যিক উৎপাদন শুরুর পরিকল্পনাও রয়েছে সংস্থার।

সূত্রের খবর, অশোকনগরে ইতিমধ্যেই পাঁচটি উৎপাদনমূলক কূপ খনন করা হয়েছে। প্রথম পর্যায়ে একটি কূপ থেকে জুলাই মাসেই তেল উত্তোলন শুরু হবে। পাশাপাশি বাকি কূপগুলিকে উৎপাদনের আওতায় আনতে দ্রুত সংরক্ষণ ব্যবস্থা, পৃষ্ঠতল পরিকাঠামো এবং পরিবহণ নেটওয়ার্ক তৈরির কাজ চলছে।

প্রাথমিক সমীক্ষা অনুযায়ী, অশোকনগরের অপরিশোধিত তেলের মান দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র বম্বে হাই (Bombay High)-এর সমতুল্য। অনুমান করা হচ্ছে, এখানে প্রায় ২৪০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের মজুত রয়েছে, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৪৫ হাজার কোটি টাকা।

এই প্রকল্প থেকে রাজ্যের কোষাগারে প্রায় ৪,৫০০ কোটি টাকা রয়্যালটি ও কর বাবদ আয় হতে পারে বলে প্রাথমিক হিসাব। পাশাপাশি উৎপাদিত অপরিশোধিত তেল হলদিয়া শোধনাগারে (Haldia Refinery) পাঠিয়ে শিল্পোন্নয়নের কাজে ব্যবহার করার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে স্ট্যাম্প ডিউটি, রয়্যালটি এবং লাইসেন্স সংক্রান্ত আইনি জটিলতার কারণে প্রকল্পের অগ্রগতি থমকে ছিল। তবে সম্প্রতি ‘পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস আইন, ২০২৫’ (Petroleum and Natural Gas Act, 2025) কার্যকর হওয়ার পর সেই বাধা অনেকটাই দূর হয়েছে বলে জানা গিয়েছে।

দলীয় সূত্রের দাবি, এই প্রকল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। সংসদে বিষয়টি একাধিকবার উত্থাপন করার পাশাপাশি কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরির (Hardeep Singh Puri)-র সঙ্গে ধারাবাহিকভাবে সমন্বয় বজায় রেখেছিলেন তিনি।

শমীক ভট্টাচার্যের দাবি, অশোকনগরের এই তেল প্রকল্প শুধু পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়ন নয়, দেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। তাঁর মতে, প্রকল্পকে ঘিরে উত্তর ২৪ পরগনায় শিল্প, পরিবহণ, সহায়ক পরিষেবা এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দেশীয় তেল উৎপাদন বাড়লে আমদানির উপর নির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়েও ইতিবাচক প্রভাব পড়বে।

ওএনজিসি ইতিমধ্যেই এই প্রকল্পে প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। এছাড়াও রাজ্যের আরও দুটি সম্ভাবনাময় বেসিনে প্রায় ৪২৫ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সংস্থার। যদিও জমি অধিগ্রহণ সংক্রান্ত কিছু সমস্যা এখনও রয়েছে। তবে সংশ্লিষ্ট মহলের দাবি, রাজ্যের নতুন জমি নীতি কার্যকর হলে সেই জটিলতাও দ্রুত কাটবে এবং প্রকল্পের বিস্তার আরও গতি পাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন