ভারতীয় সঙ্গীতজগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে গুরুতর অসুস্থ হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সন্ধ্যায় আচমকা হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আইসিইউ-তে রেখে চিকিৎসকদের কড়া নজরদারিতে রাখা হয়েছে ৯২ বছর বয়সী এই শিল্পীকে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে ভক্তমহলে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ অসুস্থ বোধ করেন আশা ভোঁসলে। বাড়িতে হঠাৎ মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তির কথা জানানোর পরই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পরিস্থিতি গুরুতর হওয়ায় দ্রুত আইসিইউ-তে স্থানান্তর করা হয়েছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, চিকিৎসক প্রতীত সমদানির তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা। হাসপাতাল কর্তৃপক্ষ এখনই বিস্তারিত কিছু জানাতে না চাইলেও, শিল্পীর শারীরিক অবস্থাকে ‘ক্রিটিক্যাল’ বলেই উল্লেখ করা হয়েছে।
এই খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। সংগীতপ্রেমী থেকে সাধারণ ভক্ত—সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও প্রার্থনার বার্তা ভরে উঠেছে।
উল্লেখ্য, এর আগেও গুজবের শিকার হয়েছিলেন আশা ভোঁসলে। গত বছর জুলাই মাসে সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। পরে তাঁর ছেলে আনন্দ ভোঁসলে সেই খবর সম্পূর্ণ ভুয়ো বলে স্পষ্ট করেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছে গোটা দেশ।



