দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ষষ্ঠবারও ইডির হাজিরা এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সোমবার অর্থাৎ আজ দিল্লিতে সদর দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। সেই মর্মে গত বুধবার নোটিস পাঠিয়েছিল ইডি। এনিয়ে আপের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে।

আরও পড়ুন: শীতের বিদায় বেলায় বৃষ্টির আগমনবার্তা, ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে বুধেই হাওয়া বদল
সোমবার অরবিন্দ কেজরিওয়াল টানা ছ’বার হাজিরা এড়ালেন। আপ বিবৃতি জারি করে জানিয়েছে, ইডির (ED) সমন বেআইনি পাশাপাশি মামলাটি এই মুহূর্তে আদালতে বিচারাধীন। দল আরও জানিয়েছে, বারবার তলব করার পরিবর্তে ইডির উচিৎ ছিল অপেক্ষা করা। এরপর তারাই আদালতের দ্বারস্থ হয়েছে। এখন উচিৎ আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে সেটিকে সম্মান জানানো।

এর আগে পাঁচ বার আপ প্রধানকে ডেকে পাঠানো হয়েছিল। প্রত্যেক বার হাজিরা এড়ানোয় আদালতের দ্বারস্থ হয় ইডি। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেজরিওয়ালকে সমন পাঠিয়ে গত শনিবার সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। ওইদিন ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন আপ সুপ্রিমো। আগামী ১৬ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।
টানা ছ’বার ইডির হাজিরা এড়ালেন কেজরিওয়াল, জেরা করতে গ্রেফতারিই শেষ রাস্তা?

সম্প্রতি দিল্লির বিধানসভায় আস্থা ভোটের প্রস্তাব দেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছিলেন, ‘আপের দুজন বিধায়ক তাঁর কাছে অভিযোগ করেছিল, দলীয় প্রতিনিধিদের বিজেপির তরফে টাকার প্রস্তাব দেওয়া হবে। ওঁদের বলা হয়েছে ২১ আপ বিধায়ক ইতিমধ্যেই দল ছাড়তে রাজি হয়েছে। বাকিরাও বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছে। তারা দলের বিধায়কদের ২৫ কোটি টাকার টোপ দিয়েছেন।’ কেজরিওয়ালের দাবি, ‘বিজেপি জানে তারা নির্বাচনে জিততে পারবে না। ওদের লক্ষ্য দিল্লিতে সরকার ফেলে দেওয়া।’



