মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপর আইনি চাপ আরও বাড়ল। অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরার জন্য অতিরিক্ত সময় চাইলেও সেই আবেদন কার্যত খারিজ করে দিল বিধাননগর পুলিশ। রবিবার তাঁর বাড়িতে গিয়ে দুটি নোটিস সাঁটিয়ে আসে পুলিশ, যেখানে সোমবারের মধ্যে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অরূপ বিশ্বাসকে সোমবার সকাল ১১টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় উপস্থিত থাকতে বলা হয়েছে। নোটিসে উল্লেখ করা হয়েছে, শারীরিক অসুস্থতার দাবি করলেও তার সমর্থনে কোনও মেডিক্যাল নথি বা রিপোর্ট জমা দেননি প্রাক্তন মন্ত্রী। ফলে হাজিরা এড়ানোর আবেদন গ্রহণ করা হয়নি।
উল্লেখ্য, গত ১৭ মে মেসি ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। অভিযোগে টিকিট কালোবাজারি, চাঁদাবাজি, প্রতারণা, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির মতো একাধিক গুরুতর বিষয় তুলে ধরা হয়েছে।
সেই অভিযোগের ভিত্তিতেই প্রথমে ৪ জুন থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের আগেই অরূপ বিশ্বাস পুলিশের সঙ্গে যোগাযোগ করে অসুস্থতার কথা জানান এবং অন্তত দু’সপ্তাহ সময় চান। কিন্তু তদন্তে বিলম্ব করতে নারাজ পুলিশ প্রশাসন।
এদিকে মামলার আইনি দিক থেকেও ধাক্কা খেয়েছেন প্রাক্তন মন্ত্রী। মেসি কাণ্ডে গ্রেপ্তারি এড়াতে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অরূপ বিশ্বাস। আগামী ৯ জুন সেই মামলার শুনানি হওয়ার কথা।
তবে হাই কোর্টে শুনানির আগেই পুলিশের এই নতুন পদক্ষেপ রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা বাড়িয়েছে। সোমবারের মধ্যে থানায় হাজিরা না দিলে তদন্তকারী সংস্থা পরবর্তী আইনি পদক্ষেপ নিতে পারে বলে ইঙ্গিত মিলেছে। ফলে মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সামনে আইনি লড়াই আরও কঠিন হয়ে উঠছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।



