মেসি-কাণ্ডে আইনি জটিলতার মধ্যে আরও ঘনীভূত হল রহস্য। রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে পারছে না পুলিশ। সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তাঁর ফোনের টাওয়ার লোকেশনও ট্রেস করা যায়নি বলে জানা গিয়েছে। ফলে প্রাক্তন মন্ত্রীর অবস্থান ঘিরে জল্পনা আরও তীব্র হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গতকাল থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও অরূপ বিশ্বাসের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তাঁর মোবাইল ফোনের টাওয়ার লোকেশনও পাওয়া যাচ্ছে না। কলকাতা পুলিশের তরফ থেকেও এখনও পর্যন্ত তাঁর অবস্থান সংক্রান্ত কোনও তথ্য বিধাননগর পুলিশকে জানানো হয়নি।
এই পরিস্থিতিতে গোটা বিষয়টি আদালতের নজরে আনা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তদন্তকারী আধিকারিকরা আদালতকে জানাবেন যে, অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না এবং তাঁর অবস্থান সম্পর্কেও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে সোমবার মেসি-কাণ্ডে গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরূপ বিশ্বাস। তাঁর আইনজীবী কিশোর দত্ত জরুরি ভিত্তিতে মামলার শুনানি ও রক্ষাকবচের আবেদন জানান। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন গ্রহণ করেননি এবং জরুরি শুনানির অনুমতি দিতে অস্বীকার করেন।
আদালত থেকে স্বস্তি না মেলায় একইদিন দুপুরে অরূপ বিশ্বাসের নিউ আলিপুরের সাহাপুর এলাকার আবাসনে পৌঁছয় পুলিশ। তদন্তের স্বার্থে ইতিমধ্যেই গ্রেফতার হওয়া তাঁর ভাই স্বরূপ বিশ্বাসকেও সঙ্গে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা ধরে চলে তল্লাশি অভিযান।
তবে তল্লাশির সময় ফ্ল্যাটে অরূপ বিশ্বাসকে পাওয়া যায়নি। ফলে তদন্তকারীদের হাতে তাঁর অবস্থান সম্পর্কে কোনও স্পষ্ট তথ্য আসেনি। এরপর থেকেই তাঁকে খুঁজতে তৎপর হয়ে ওঠে পুলিশ।
উল্লেখ্য, যৌন নির্যাতন-সহ একাধিক গুরুতর অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন স্বরূপ বিশ্বাস। সেই মামলার তদন্তে নেমেই বেহালার সাহাপুর কলোনিতে তাঁর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। অভিযানের সময় একটি রহস্যময় গোপন ঘরেরও সন্ধান পাওয়া যায়, যা তদন্তে নতুন মাত্রা যোগ করেছে।
অন্যদিকে, মেসি-কাণ্ডে এখনও পর্যন্ত থানায় হাজিরা দেননি অরূপ বিশ্বাস। আদালত থেকেও কোনও অন্তর্বর্তী সুরক্ষা না পাওয়ায় তাঁর অনুপস্থিতি এবং ফোনের টাওয়ার লোকেশন গায়েব হয়ে যাওয়ার ঘটনা তদন্তকারীদের কাছে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এখন নজর, পুলিশ তাঁকে খুঁজে বের করতে কী পদক্ষেপ নেয় এবং তদন্তে নতুন কী তথ্য সামনে আসে।



