চুপিসাড়ে বাগদান সারলেন অর্জুন রামপাল, গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে কি শিগগিরই বিয়ে?

‘ধুরন্ধর’-এর সাফল্যের মাঝেই ব্যক্তিগত জীবনের সুখবর দিলেন অর্জুন রামপাল। দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলার সঙ্গে বাগদানের কথা প্রথমবার প্রকাশ্যে স্বীকার করলেন অভিনেতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বলিউডে এখন অর্জুন রামপালের সময় ভালোই যাচ্ছে। ‘ধুরন্ধর’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সমালোচকদের কাছ থেকে। ঠিক এই সাফল্যের আবহেই নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বড় খবর শোনালেন অভিনেতা।

দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে যে তাঁর বাগদান হয়ে গিয়েছে, তা সম্প্রতি প্রকাশ্যে জানিয়েছেন অর্জুন নিজেই। ছয় বছরের বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন তাঁরা, যদিও বরাবরই সম্পর্কের বিষয়ে নীরব থেকেছেন দু’জনেই।

অর্জুনের আগে বিয়ে হয়েছিল মেহর জেসিয়ার সঙ্গে। সেই দাম্পত্য থেকে তাঁর দুই পুত্র—অরিক ও অরিভ। অন্যদিকে, গ্যাব্রিয়েলার জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ আফ্রিকায়। অল্প বয়সেই মডেলিং শুরু করেন তিনি এবং পরে ফ্যাশন ডিজ়াইন নিয়ে পড়াশোনা করেন। ভারতে কাজ করেছেন সিনেমা ও মিউজিক ভিডিয়োতেও, পাশাপাশি নিজের পোশাক ব্র্যান্ডও গড়ে তুলেছেন।

চুপিসাড়ে বাগদান সারলেন অর্জুন রামপাল, গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে কি শিগগিরই বিয়ে?
অর্জুন রামপাল, গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েড

যদিও ব্যক্তিগত জীবনকে আলোচনার বাইরে রাখতেই পছন্দ করেন অর্জুন ও গ্যাব্রিয়েলা, তবু সামাজিক মাধ্যমে তাঁদের জীবনের নানা মুহূর্ত মাঝেমধ্যেই ভাগ করে নেন। সম্প্রতি অভিনেতার জন্মদিন উদ্‌যাপনেও একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের।

কিছু দিন আগে রিয়া চক্রবর্তীর পডকাস্টে এসে অর্জুন নিজেই বাগদানের কথা জানান। তিনি বলেন, তাঁরা এখনও বিবাহিত নন, তবে সম্পর্কটি স্বাভাবিক গতিতেই এগোচ্ছে। ভবিষ্যৎ নিয়ে এখনই কোনও ঘোষণা দিতে চান না বলেও স্পষ্ট করেছেন অভিনেতা।

এই ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠছে—বাগদানের পর কি শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডস? আপাতত সেই উত্তর সময়ই দেবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন