AI দিয়ে তৈরি করা যাবে না সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের কণ্ঠ। এমনটাই জানিয়ে দিল বম্বে হাইকোর্ট। অরিজিতের করা এক পিটিশনের জবাবে আদালত নির্দেশ দিল, AI দিয়ে তৈরি করা যাবে না অরিজিতের কণ্ঠ। তা না হলে কড়া শাস্তি ভুগতে হবে। গত ২৬ জুলাই ছিল অরিজিতের করা পিটিশনের শুনানি ছিল আজ। আর সেই শুনানিতেই বিচারপতি রিয়াজ চাগলা জানিয়েছেন, বাণিজ্যিক স্বার্থে একজন সেলেব্রিটির ব্যক্তিত্বকে এবং প্রতিভাকে নষ্ট করা যায় না।
‘বাক ও মত প্রকাশের স্বাধীনতা সমালোচনা এবং মন্তব্যের অনুমতি দেয় কিন্তু বাণিজ্যিক লাভের জন্য একজন সেলিব্রিটির ব্যক্তিত্বকে কাজে লাগানোর লাইসেন্স দেয় না। AI টেকনোলজি ব্যবহার করে অরিজিতের কণ্ঠ-সহ কোনও কিছুই কোনও অনলাইন প্ল্যাটফর্ম, বিজ্ঞাপন-সহ কোনও ক্ষেত্রেই ব্যবহার করা যাবে না’।
দেশের জনপ্রিয় এই গায়ক অভিযোগ করেছিলেন, বিনা অনুমতিতে একাধিক AI ক্রিয়েটর তাঁর কণ্ঠ এবং গান গাওয়ার ধরনকে ব্যবহার করেছে। আবার কিছু অনলাইন প্ল্যাটফর্ম তাদের পণ্যে তাঁর ছবি, সই-সহ বিক্রি করছে। তাঁর নামে একাধিক ওয়েবসাইট চলছে। তাঁর বিনা অনুমতিতে এসব হচ্ছে।
আদালতের কাছে অরিজিতের আইনজীবী হিরেন কামোদ বলেন, তাঁর মক্কেল বেশ কয়েক বছর কোনও ব্র্যান্ড এনডোর্সমেন্টের সঙ্গে যুক্ত নন। অরিজিতের আবেদন শুনে বম্বে হাইকোর্ট বিনা অনুমতিতে চলা ওইসব কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। ২ সেপ্টেম্বর অরিজিতের এই আবেদনের পরবর্তী শুনানি।



