অরিজিৎ–অনুষ্কার যুগলবন্দিতে মোহময় সন্ধ্যা, সুরের আবেশে ভেসে গেল কলকাতা

১২ বছর পর কলকাতায় অনুষ্কা শঙ্করের প্রত্যাবর্তন, প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর প্রথম লাইভ শো অরিজিৎ সিংয়ের— যুগলবন্দিতে মুগ্ধ শহর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

৮ ফেব্রুয়ারির সন্ধ্যায় সুরের এক বিরল মেলবন্ধনের সাক্ষী থাকল কলকাতা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেতারশিল্পী অনুষ্কা শঙ্করের মঞ্চে বিশেষ অতিথি হয়ে উঠলেন অরিজিৎ সিং। প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর এই প্রথম কলকাতায় লাইভ পারফর্ম করলেন তিনি। আর সেই অপ্রত্যাশিত যুগলবন্দিই শহরের সঙ্গীতপ্রেমীদের জন্য তৈরি করল এক স্মরণীয় সন্ধ্যা।

কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবি শঙ্করের কন্যা অনুষ্কা শঙ্করের সঙ্গীতজীবনের তিন দশক পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ইন্ডিয়া টুর’-এর অন্যতম আকর্ষণ ছিল কলকাতার এই অনুষ্ঠান। প্রায় ১২ বছর পর শহরে মঞ্চে ফিরলেন তিনি। শেষবার ২০১৪ সালে ডোভার লেন মিউজিক কনফারেন্সে পারফর্ম করেছিলেন অনুষ্কা। ফলে তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে আগেই তৈরি হয়েছিল তুমুল উন্মাদনা।

তবে সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করে অরিজিৎ সিংয়ের উপস্থিতি। সম্প্রতি প্লেব্যাক গানের জগৎ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন তিনি। সেই সিদ্ধান্তের পর কলকাতায় তাঁর লাইভ পারফরম্যান্স নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। অনুষ্কার অনুষ্ঠানে তিনি মঞ্চে উঠতেই দর্শকদের উচ্ছ্বাসে ভরে ওঠে অডিটোরিয়াম।

আসলে, কিছুদিন আগে লন্ডনের টটেনহ্যামে অরিজিতের অনুষ্ঠানে ২০–২৫ মিনিটের একটি স্লটে সেতার বাজিয়েছিলেন অনুষ্কা। সেই সূত্রেই অনেকেই আন্দাজ করেছিলেন, কলকাতার শো-তে হয়তো দেখা যেতে পারে তাঁদের যুগলবন্দি। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল।

এই ‘ইন্ডিয়া টুর’-এর সূচনা হয়েছিল ৩০ জানুয়ারি হায়দরাবাদে। তার পর বেঙ্গালুরু, মুম্বই, পুণে ও দিল্লি ঘুরে কলকাতায় পৌঁছন অনুষ্কা। প্রতিটি শহরেই তাঁর অনুষ্ঠান নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। তবে কলকাতার মঞ্চে অরিজিতের সঙ্গে তাঁর এই যুগলবন্দি নিঃসন্দেহে ট্যুরের অন্যতম হাইলাইট হয়ে রইল।

সন্ধ্যার শেষ পর্যন্ত মুগ্ধ হয়ে থাকলেন দর্শকরা। শাস্ত্রীয় সুর আর আধুনিক আবেগের মেলবন্ধনে তৈরি হল এক অনন্য সংগীত-অভিজ্ঞতা— যা দীর্ঘদিন মনে রাখবে কলকাতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন