জিয়াগঞ্জে রাতদুপুরে ‘বেআইনি’ প্রবেশের অভিযোগ, অরিজিৎ–আমিরকে ঘিরে সিসিটিভি বিতর্ক

গভীর রাতে অনুমতি ছাড়া সরকারি কলেজে ঢোকার অভিযোগ অরিজিৎ সিং ও আমির খানের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই জিয়াগঞ্জে তুমুল বিতর্ক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মুম্বই থেকে মুর্শিদাবাদে এসে অরিজিৎ সিংয়ের সঙ্গে সময় কাটাচ্ছিলেন আমির খান—এই খবরেই সরগরম ছিল সোশ্যাল মিডিয়া। কিন্তু সেই সফর ঘিরেই হঠাৎ মাথাচাড়া দিল নতুন বিতর্ক। গভীর রাতে অনুমতি ছাড়া সরকারি কলেজে ঢোকা, খেলাধুলো করা ও শুটিংয়ের অভিযোগ উঠেছে দুই তারকার বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই জিয়াগঞ্জে শুরু হয়েছে তুমুল আলোচনা।

চলতি সপ্তাহে অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করতে মুম্বই থেকে মুর্শিদাবাদের বহরমপুরে আসেন আমির খান। সোমবার থেকে বুধবার পর্যন্ত তিনি শহরের একটি বিলাসবহুল হোটেলে ছিলেন। রাতদুপুরে কখনও অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানো, আবার কখনও স্টুডিওতে দীর্ঘ সময় কাটানোর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

কিন্তু সেই সফরের মধ্যেই নতুন অভিযোগ সামনে আসে। দাবি করা হয়েছে, গভীর রাতে অরিজিৎ সিং আমির খানকে নিয়ে জিয়াগঞ্জের একটি সরকারি কলেজে প্রবেশ করেন। সেখানে ব্যাডমিন্টন খেলা ও শুটিং করার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে।

এই অভিযোগ প্রকাশ্যে আনেন জিয়াগঞ্জের রানি ধন্যা কুমারী কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী। তিনি নিজের ফেসবুক পেজে দুটি সিসিটিভি ভিডিও পোস্ট করে দাবি করেন, রাত ১টার পর প্রায় দশটি মোটরবাইক নিয়ে অরিজিৎ ও আমির কলেজে ঢোকেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা সময় কাটিয়ে রাত ২টা ২৫ নাগাদ তাঁরা বেরিয়ে যান।

অধ্যক্ষের দাবি, কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এই ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

তবে পরে সেই পোস্ট আর দেখা যায়নি। অধ্যক্ষ নিজেই জানান, তাঁকে পোস্টটি মুছে ফেলতে বাধ্য হতে হয়েছে। যদিও কেন সেই সিদ্ধান্ত নিতে হল, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযোগ প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহল থেকে তাঁর উপর চাপ ও অনুরোধ দু’টিই আসে। তার পরই তিনি ভিডিওগুলি সরিয়ে দেন বলে দাবি।

ঘটনাকে ঘিরে জিয়াগঞ্জে বিতর্ক তুঙ্গে। কেউ অনুমতি ছাড়া সরকারি প্রতিষ্ঠানে ঢোকার অভিযোগ তুলছেন, আবার কেউ কলেজ চত্বরে শুটিং নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে এই বিষয়ে অরিজিৎ সিং বা আমির খানের পক্ষ থেকে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর