ভাইরাল অডিও ফোন কল কাণ্ডে এবার জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বৃহস্পতিবার দুপুরে শান্তিনিকেতন থানায় প্রায় দু’ঘণ্টা ধরে তাঁকে জেরা করে পুলিশ। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য এবং দলের এক কর্মী। জিজ্ঞাসাবাদের পর অনুব্রতর ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ, যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে ব্যবহার হতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে পুরো ঘটনার পরেও অনুব্রতর মেজাজে কোনও পরিবর্তন দেখা যায়নি। ‘কুল কেষ্ট’ অনুব্রত মণ্ডল থানার বাইরে এসে চুপচাপ গাড়িতে ওঠেন এবং সোজা চলে যান বোলপুরে দলীয় কার্যালয়ে, যেখানে তিনি প্রতিদিনের মতো জনসংযোগের কাজ সারেন।
কেন এই জেরা?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ফোনালাপে বোলপুর থানার আইসি লিটন হালদারকে হুমকি দেন অনুব্রত, এমন অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ এবং শুরু হয় তদন্ত। একইসঙ্গে লিটনের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে কারণ কারও অনুমতি ছাড়া ফোন রেকর্ডিং করা বেআইনি।
পুলিশ ও রাজনৈতিক মহলে চাঞ্চল্য: থানায় আসতে অনুব্রত নিজের পরিচিত কনভয় বা নিরাপত্তারক্ষী ব্যবহার না করে অন্য একটি কালো SUV-তে আসেন, যা নিয়েও জল্পনা শুরু হয়। কোনও পক্ষই অবশ্য এই বিষয়ে মুখ খোলেনি।



