রাজ্যের প্রথম বিজেপি সরকারের বাজেটে সামাজিক সুরক্ষা এবং নারীকল্যাণকে অন্যতম অগ্রাধিকার দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সোমবার বিধানসভায় বাজেট পেশ করে বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বড় ঘোষণা করেন। পাশাপাশি বহুচর্চিত অন্নপূর্ণা যোজনার জন্য বিপুল অর্থ বরাদ্দের কথাও জানান তিনি।
বাজেট অনুযায়ী, বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বৃদ্ধি করা হবে। ফলে এতদিন যাঁরা মাসে ১,০০০ টাকা আর্থিক সহায়তা পেতেন, তাঁরা এবার থেকে মাসিক ১,৫০০ টাকা পাবেন। সরকারের দাবি, এই সিদ্ধান্তে লক্ষাধিক উপভোক্তা সরাসরি উপকৃত হবেন।
সামাজিক সুরক্ষার পাশাপাশি নারী ক্ষমতায়নের ক্ষেত্রেও বড় পদক্ষেপ নিয়েছে সরকার। অর্থমন্ত্রী জানান, ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে অন্নপূর্ণা যোজনা চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি উপভোক্তাদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।
সরকার জানিয়েছে, অন্নপূর্ণা যোজনার জন্য এবারের বাজেটে মোট ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রশাসনের মতে, এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবারের আর্থিক স্থিতি আরও মজবুত হবে এবং মহিলাদের অর্থনৈতিক অংশগ্রহণও বাড়বে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীi এর আগেই জানিয়েছিলেন, অন্নপূর্ণা যোজনার আওতায় বিপুল সংখ্যক আবেদনকারীর নথি যাচাই সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছতে শুরু করেছে বলেও সরকারের দাবি।
বাজেটে আদিবাসী সম্প্রদায়ের জন্যও বিশেষ প্রকল্প ঘোষণা করা হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে থাকা তিনটি জনগোষ্ঠী— Lodha Shabar, Toko এবং Birhor পরিবারের জন্য সুষম খাদ্য বিতরণ কর্মসূচি চালু করা হবে।
এই প্রকল্পের আওতায় প্রতি সপ্তাহে সংশ্লিষ্ট পরিবারগুলিকে চাল, ডাল, চিনি, তেল এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সমন্বিত প্যাকেজ দেওয়া হবে। সরকারের মতে, অপুষ্টি রোধ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
বিশেষজ্ঞদের মতে, এবারের বাজেটে সামাজিক সুরক্ষা, নারীকল্যাণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নকে কেন্দ্র করে যে বরাদ্দ ও প্রকল্প ঘোষণা করা হয়েছে, তা আগামী দিনে রাজ্যের জনকল্যাণমূলক কর্মসূচিগুলিকে আরও শক্তিশালী করতে পারে।



