বস্তাবন্দি পড়ে ছিল ফর্ম! ডায়মন্ড হারবারে অন্নপূর্ণার ৩ হাজার টাকা পেলেন না হাজার হাজার মহিলা!

ডায়মন্ড হারবার ও কুলপির বহু মহিলা অভিযোগ করেছেন, অফলাইনে জমা দেওয়া অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্র আপলোড না হওয়ায় প্রথম কিস্তির ৩ হাজার টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছায়নি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ডায়মন্ড হারবার (Diamond Harbour) পুরসভা এলাকায় অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের টাকা না পাওয়াকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, অফলাইনে জমা দেওয়া হাজার হাজার আবেদনপত্র সার্ভারে আপলোডই করা হয়নি। ফলে জুন মাসের প্রথম কিস্তির ৩ হাজার টাকা থেকে বঞ্চিত হয়েছেন বহু মহিলা। একই অভিযোগ উঠেছে কুলপি (Kulpi) ব্লকের একাংশ থেকেও।

রাজ্যে ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে। সরকার গঠনের পর সেই প্রকল্প চালু হয়েছে এবং রাজ্যের বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পৌঁছেছে। কিন্তু ডায়মন্ড হারবার পুরসভার ১৬টি ওয়ার্ডের বহু মহিলা এখনও সেই অর্থ পাননি বলে অভিযোগ।

স্থানীয় সূত্রের দাবি, যাঁরা টাকা পাননি তাঁদের অধিকাংশই অফলাইনে আবেদনপত্র পূরণ করে পুরসভায় জমা দিয়েছিলেন। অভিযোগ, সেই আবেদনপত্রগুলি নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আপলোড করা হয়নি। ফলে আবেদনগুলি যাচাইয়ের প্রক্রিয়াতেই অন্তর্ভুক্ত হয়নি এবং প্রথম দফার অর্থ তাঁদের অ্যাকাউন্টে পৌঁছায়নি।

এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি অভিযোগ তুলেছে, পুরসভার আবেদনপত্র আপলোডের দায়িত্বে থাকা কয়েকজন কর্মী ইচ্ছাকৃতভাবে সেই কাজ করেননি। বিজেপি নেতা আকাশ সরকারের দাবি, বহু আবেদনপত্র বস্তাবন্দি করে ফেলে রাখা হয়েছিল। সময়মতো আপলোড না হওয়ায় হাজার হাজার মহিলা সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে তাঁর অভিযোগ।

সমস্যা সামনে আসার পর নতুন করে অনলাইনে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পুরসভা চত্বরে ফর্ম পূরণের জন্য উপভোক্তাদের ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আবেদন করতে দেখা যায় বহু মহিলাকে। তাঁদের অভিযোগ, শুরু থেকেই যদি অনলাইন আবেদন বাধ্যতামূলক করা হত, তাহলে এত ভোগান্তির মুখে পড়তে হত না।

তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন জুন মাসের বকেয়া অর্থ নিয়ে। নতুন করে আবেদন জমা হলেও প্রথম মাসের ৩ হাজার টাকা আদৌ পাওয়া যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে এখনও বিস্তারিত কোনও ব্যাখ্যা না আসায় উপভোক্তাদের অনিশ্চয়তা ও ক্ষোভ ক্রমশ বাড়ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন