নজরবন্দি ব্যুরো: সোমবার রাজ্যসভায় সাংসদ হিসাবে শপথ নিলেন বিজেপির নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। আর শপথ নেবার পরেই কিন্তু তিনি ফের বঙ্গভঙ্গের দাবি জানালেন। গ্রেটার কোচবিহারের দাবি নিয়ে তিনি কেন্দ্র সরকারের কাছেও যাবেন বলে জানান। মহারাজের এই দাবির সমালোচনা করে তৃণমূল সাফ জানিয়ে দিল, বিজেপির এই চক্রান্ত সফল হবে না।
আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন মোদী, শি জিনপিংয়ের সঙ্গেও মুখোমুখি বসবেন?


এর আগেও একাধিকবার বঙ্গভঙ্গের দাবি তুলেছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। আর আজ শপথ গ্রহণের পর তিনি বলেন, “গ্রেটার কোচবিহারের দাবি তো উঠছেই। সেটা নিয়ে কেন্দ্র সরকারের কাছে যেতে হবে। সরকারের যা করণীয় তা করতে হবে। সে বিষয়ে আমি সরকারের সঙ্গে আলোচনা করব। গ্রেটার কোচবিহারকে যাতে কেন্দ্রশাসিত অঞ্চল করা যায়, সেই দাবি কেন্দ্রের কাছে তুলতেই হবে। সেখানকার সাধারণ মানুষ যেটা চাইছে… সঙ্গে শুধু উত্তরবঙ্গেই নয় অসমও চাইছে, বিহারও চাইছে, সবাই চাইছে।”

রাজনৈতিক মহলের মতে, অনন্ত মহারাজের এই বাংলা ভাগের দাবিতে কিন্তু অস্বস্তিতে পড়ছে বিজেপি। কারণ, এর আগেও মহারাজ বললেও রাজ্য বিজেপির শীর্ষনেতৃত্ব তাঁর এই দাবিকে সমর্থন জানায়নি। তবে, হ্যাঁ, উত্তরবঙ্গের মানুষ যে বঞ্চিত হচ্ছেন তা নিয়ে সরব হয়েছেন অনেক বিজেপি নেতাই। তবে, লোকসভা নির্বাচনের আগে অনন্ত মহারাজের এই ধরনের মন্তব্য বিজেপিকে বিপাকে ফেলতে পারে।



অনন্ত মহারাজের দাবিকে সমালোচনা করে তৃণমূলের রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব বাংলার মানুষ গত এক দশক ধরে লোকসভা, বিধানসভা, পুর নির্বাচনে বিজেপিকে অপমানজনক পরাজয়ের স্বাদ দিয়েছে। তারপরেই বিজেপি বাংলা, বিহার ও অসমকে ভাগ করার চক্রান্ত সফল করার জন্য বিচ্ছিন্নতাবাদীদের পৃষ্ঠপোষকতা করছে। কেএলও নামক নিষিদ্ধ সংগঠনের একজন পলাতক নেতাকে অসমে আশ্রয় দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। তিনি সেখানে বিভাজনকারী শক্তিকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছেন। এসব যা-ই করুক না কেন, বাংলার মানুষ বিজেপির এসব জঘন্য খেলাকে বাংলায় নস্যাৎ করে দেবেই বলে একজাট হয়েছে। তারা বাংলা ভাগের যে কোনও চক্রান্তকেই লড়াই করে প্রতিহত করবে।”
রাজ্যসভায় শপথ নিয়েই ফের বঙ্গভঙ্গের দাবি অনন্ত মহারাজের, ‘চক্রান্ত সফল হবে না’, বলল তৃণমূল








