নজরবন্দি ব্যুরো: দীর্ঘ জলঘোলার পর অবশেষে বুধবার ধর্মতলায় বঙ্গ বিজেপির সভার আয়োজন হয়েছে। ইতিমধ্যেই সভামঞ্চে উপস্থিত হয়ে দলের নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দিচ্ছেন। সেখানেই তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী বছরের লোকসভা এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গও তুলে আনলেন তিনি।
আরও পড়ুন: ঝান্ডাও ধরব ডান্ডাও ধরব, তৃণমূলের ওষুধ জানি, লোকসভায় ৩৫ পেরোবে বিজেপি: হুঙ্কার সুকান্তর


অমিত শাহ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে বলেন, ‘২৬-এ বাংলায় বিজেপির সরকার গড়তে হলে তাঁর ভীত রাখতে হবে ২৪-এর নির্বাচনেই’। তাঁর দাবি, পশ্চিমবঙ্গকে ‘সোনার বাংলা’ করতে পারবে একমাত্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘বাংলার সবথেকে বেশি নির্বাচনী হিংসার অভিযোগ। যে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বেআইনি অনুপ্রবেশের অভিযোগ নিয়ে সংসদে সরব ছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন অনুপ্রবেশে মদত দিচ্ছে।’

নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে মমতাকে চ্যালেঞ্জ করে শাহ বলেন, “আপনার সাহস থাকলে জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলকে দল থেকে বহিষ্কার করুন। কিন্তু উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) এখন দুর্গা নাম জপ করছেন যাতে তাঁর ভাইপোর নাম সামনে না চলে আসে।” রাজ্য বিধানসভায় শুভেন্দু অধিকারীর সাসপেনশন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরব হন। বলেন, ‘‘দিদি এই নিয়ে দ্বিতীয়বার শুভেন্দুকে বরখাস্ত করলেন। উনি শুভেন্দুকে বার করতে পারেন, কিন্তু জনতাকে চুপ করাতে পারবেন না।’’



বুধবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টার কলকাতায় এসে পৌঁছায়। এরপর সড়কপথে ধর্মতলার সভাস্থলের উদ্দেশে রওনা হন। বঙ্গবিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মঞ্চে স্বাগত জানান শাহকে। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভাঙা গলাতেই তৃণমূল ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন। সভামঞ্চে বক্তৃতা রাখেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
পশ্চিমবঙ্গকে ‘সোনার বাংলা’ একমাত্র মোদীজি করতে পারবেন, মমতার সরকারকে তীব্র আক্রমণ শাহের

এছাড়াও, অমিত শাহের ভাষণে কাশ্মীর, চন্দ্রযান-৩, রাম মন্দিরের প্রসঙ্গ উঠে আসে। সভামঞ্চে দাঁড়িয়ে বিরোধীদের কড়া ভাষায় নিশানায় আনেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।







