বাতিল হল উলুবেড়িয়ার রোড শো, বিদ্যাসাগরের বাড়িও পরিদর্শন করবেন না অমিত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাতিল হল উলুবেড়িয়ার রোড শো, বিদ্যাসাগরের বাড়িও পরিদর্শন করবেন না অমিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসন্ন কলকাতা সফরের কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার দিনভর এই রদবদল চলল। দুপুরে উলুবেড়িয়ার রোড শো বাতিল করা হল। এমনকি সন্ধ্যায় বাতিল হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কলকাতার বাড়ি পরিদর্শনও। শাহের উলুবেড়িয়া সফর বাতিলের কারণ সরাসরি না জানালেও রাজ্য এবং জেলা নেতৃত্বের অনেকে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, একই দিনে জেলার দু’টি জায়গায় কর্মসূচি হলে কোনওটিতেই ভিড় না-হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই উলুবেড়িয়ার সব কর্মী-সমর্থকদের হাওড়া সদরের সভায় হাজির করানোর চেষ্টা চলছে।

আরও পড়ুন: সাংবাদিক সম্মেলন করে বিজেপি-কে একহাত নিলেন তৃণমূল নেত্রী সোমা মুখার্জী।

আজ রাতে কলকাতায় পৌঁছনোর কথা রয়েছে শাহের। শনিবার তাঁর মায়াপুরে ইসকন মন্দির ঘুরে ঠাকুরনগরে সভা করার কথা। ওই দিন তাঁর সাংগঠনিক বৈঠকও করার সম্ভাবনা আছে। রবিবার তাঁর উলুবেড়িয়ায় রোড শো করার কথা ছিল। কিন্তু রাজ্য বিজেপির তরফে হাওড়া-হুগলি-মেদিনীপুরের পর্যবেক্ষক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো এ দিন দুপুরে সাংবাদিক বৈঠকে জানান, ‘বিশেষ কারণে’ স্বরাষ্ট্রমন্ত্রীর উলুবেড়িয়া সফর স্থগিত রাখা হয়েছে। তবে এই ‘বিশেষ কারণ’ কী, তা জানাতে চাননি জ্যোতির্ময় বা বিজেপির হাওড়া (গ্রামীণ) জেলা নেতৃত্ব। তাঁরা জানান, হাওড়ার ডুমুরজলায় স্বরাষ্ট্রমন্ত্রীর সমাবেশের কর্মসূচি অপরিবর্তিত আছে। ওই সমাবেশ-মঞ্চে মন্ত্রিত্ব ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়, সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, উত্তরপাড়ার বেসুরো বিধায়ক প্রবীর ঘোষাল এবং হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী-সহ কয়েক জন বিজেপিতে যোগ দিতে পারেন বলে দলীয় সূত্রের দাবি। ওই সূত্রের আরও দাবি, বৈশালীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি কথাও হয়েছে।

বাতিল হল উলুবেড়িয়ার রোড শো, বিদ্যাসাগরের বাড়িও পরিদর্শন করবেন না অমিত। পূর্ব নিধারিত সূচী অনুযায়ী রবিবার বিদ্যাসাগরের কলকাতার বাদুড়বাগানের বাড়িতে যাওয়ার কথা ছিল অমিতের। কিন্তু শাহ পৌছনোর আগেই বিজেপি সূত্রে জানা যায়, সেই কর্মসূচি হচ্ছে না। বিজেপির রাজ্য সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিদ্যাসাগরের বাড়ি এখন রাজ্য সরকার অধিগ্রহণ করেছে। আমরা পূর্ত দফতরকে চিঠি দিয়ে জানিয়েছিলাম, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রবিবার বিদ্যাসাগরের বাড়িতে শ্রদ্ধা জানাতে যেতে চান। কিন্তু পূর্ত দফতরের কোনও জবাব বৃহস্পতিবার রাত পর্যন্ত পাইনি।’’ বিজেপি সূত্রের খবর, শাহ শেক্সপিয়র সরণিতে অরবিন্দ ভবনে যেতে পারেন। রবিবার সকালে ভারত সেবাশ্রম সঙ্ঘ ও দুপুরে হাওড়ার কর্মসূচির পরে কারও বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে বেলুড় মঠেও যেতে পারেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন