বাংলায় আসছেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার তাঁর আগমনকে কেন্দ্র করে গেরুয়া শিবিরের প্রস্তুতি তুঙ্গে ছিল। একেবারে শেষ মুহূর্তে জানানো হল, বাতিল হয়েছে অমিত শাহের বঙ্গ সফর। বিহারের মুখ্যমন্ত্রী তথা ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম শরিক নীতিশ কুমারের (Nitish Kumar) বিজেপি সমর্থিত ‘এনডিএ’ জোটে যোগদানকে কেন্দ্র করে বিহারে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। সেই কারণেই কি বঙ্গ সফর বাতিল করলেন শাহ? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? আলোচনা জারি রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: তুঙ্গে কংগ্রেস-তৃণমূল দ্বন্দ্ব, জোট না সার্কাস? কটাক্ষ সুকান্তের


রবিবার রাজ্যে পা রাখার কথা ছিল অমিত শাহের। লোকসভার প্রাক্কালে ঠাসা কর্মসূচি নিয়েই আসবেন বলে জানা যায়। সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের জেলা পূর্ব মেদিনীপুরের মেচেদায় জনসভা করার কথা ছিল তাঁর। অসমর্থিত সূত্রে খবর ছিল, সেদিন শাহের (Amit Shah) হাত ধরে বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী।

এছাড়াও, রবিবার উত্তর ২৪ পরগনার বারাসাতে সভা করতেন অমিত শাহ (Amit Shah)। সভা করার কথা ছিল সায়েন্স সিটিতেও। প্রতিটি সভাতেই চারটি করে লোকসভার সাংগঠনিক নেতৃত্বদের ডাকা হয়েছিল। সভা শেষ করে রাতে বঙ্গ বিজেপির শীর্ষনেতৃত্বদের বৈঠক করতেন তিনি। সোমবার যেতেন মেচেদায়। তবে, সমস্ত কর্মসূচিই বাতিল হল।



বিহারে রাজনৈতিক অস্থিরতা, বঙ্গ সফরে আসছেন না শাহ, নাকি নেপথ্যে অন্য কারণ?
রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, এই মুহূর্তে বাংলার চেয়েও বিহারকে বেশি গুরুত্ব দিতে চাইছে বিজেপি। কারণ, ‘ইন্ডিয়া’ (INDIA) জোটে যে ভাঙন দেখা দিয়েছে সেই সুযোগকে কোনও ভাবে হাতছাড়া করতে চায় না গেরুয়া শিবির। শনিবারই রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন নীতিশ কুমার (Nitish Kumar)। এরপর যোগ দেবেন ‘এনডিএ’ (NDA) জোটে। বিজেপি-ও নীতিশ কুমারকে স্বাগত জানাতে চায়। তা নিয়েই শনিবার আবার দিল্লিতে জরুরি বৈঠকে বসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও অমিত শাহ।








