লোকসভা ভোটে এবার অন্যতম নজরকাড়া কেন্দ্রের তালিকায় রয়েছে হুগলি। একদিকে বিজেপির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আর অন্য দিকে, এই প্রথমবার ভোটের লড়াইয়ে তৃণমূলের প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এক সময়ের দুই বন্ধু তথা অভিনেত্রীর লড়াই ঘিরে সরগরম হুগলি।
আরও পড়ুন: যুবশ্রীর পাল্টা সংগ্রামী ভাতা! শুভেন্দুর প্রতিশ্রুতির পাল্টা দিলীপ, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

শেষ হাসি কে হাসবেন? এই নিয়ে নানা আলোচনা চলছে। এই আবহে ভোটের আগেই জয় নিয়ে প্রত্যয়ের সুর শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এ দিন হুগলি জেলার তিনটি লোকসভা কেন্দ্র নিয়ে সাংগঠনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

সেই বৈঠকের শেষেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের সাধারণ সম্পাদক৷ তিনি বলেন, কয়েকটা জায়গায় সাংগঠনিক সমস্যা রয়েছে, একথা ঠিক৷ কিন্তু দলীয় বৈঠকে কী হয়েছে সেটা তো বাইরে বলব না৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে প্রতিটি জায়গাতেই ঐক্যবদ্ধ হয়ে লড়বে৷
হুগলি লোকসভায় সর্বোচ্চ ব্যবধানে জিতব, লকেটকে হুঁশিয়ারি অভিষেকের

যে কটি জায়গায় ছোট ছোট সমস্যা ছিল সেটা নিয়ে কথা বলেছি। এটুকু বলতে পারি, হুগলি লোকসভায় সর্বোচ্চ ব্যবধানে জিতব৷ যিনি ২০১৯ সালে নরেন্দ্র মোদির নাম করে আর অচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে জিতেছিলেন, তাঁকে শুধু বলব আপনি প্রাক্তন সাংসদের প্যাডটা ছাপিয়ে রাখুন৷



