নজরবন্দি ব্যুরো: আগামী মাসের শুরুতেই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। প্রচারের জন্য হাতে বাকি রয়েছে মাত্র কয়েকটি দিন। কেবল একটি কেন্দ্র হলেও লোকসভা নির্বাচনের আগে এই ভোটকে ঘিরে রাজনৈতিক পারদ ক্রমশই চড়ছে। শাসক-বিরোধী কেউই কমতি রাখতে চায় না। তাই সমস্ত কর্মসূচি সম্পূর্ণ করে প্রচারের শেষদিনে ধূপগুড়ি যাচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে যাবেন মুম্বই, ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকে জোট দিতে।
আরও পড়ুন: INDIA জোটের তৃতীয় বৈঠককে টেক্কা দিতে মেগা রণকৌশল BJP ও NDA জোটের
আগামী ৫ সেপ্টেম্বর জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। অধ্যাপক নির্মল চন্দ্র রায়কে প্রার্থী করেছে তৃণমূল। গতমাসেই চোখের চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই কলকাতায় ফিরে এসেছেন। গত ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন তিনি। জানা গিয়েছে, চলতি সপ্তাহ থেকেই তাঁর ঠাসা কর্মসূচি। আগামী ৩১ আগস্ট মুম্বইয়ে ‘ইন্ডিয়া’র তৃতীয় বৈঠকে যোগ দিতে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কলকাতা থেকে মুম্বই রওনা দেবেন সাংসদ।

৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর- দুদিন ব্যাপী বৈঠক চলবে মুম্বইয়ে। সেখান থেকে ফিরে আগামী ২ সেপ্টেম্বর ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে যাবেন অভিষেক। প্রসঙ্গত, শনিবারই ধূপগুড়িতে প্রচারের শেষ দিন। স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন। অন্যদিকে, তৃণমূলের প্রচার তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকলেও তাঁকে সম্ভবত দেখা যাবে না বলেই খবর পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, গত জুলাই মাসে প্রয়াত হন বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। তাঁর প্রয়াণে খালি হওয়া আসনেই ভোট হবে। উপনির্বাচনে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে পুলওয়ামায় শহীদ বীর জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে। উত্তরবঙ্গ তৃণমূলের দুর্বল ঘাঁটি হিসেবেই পরিচিত। তাই একটি আসনে ভোট হলেও এই কেন্দ্রে জয়লাভ করতে মরিয়া শাসক দল।
মুম্বই থেকে ফিরে শনিবার ধূপগুড়িতে Abhishek Banerjee, শেষদিনের প্রচারে কোন চমক অপেক্ষা করছে?




