বাংলায় লোকসভা নির্বাচন হবে সাত দফায়। উত্তরবঙ্গ থেকে শুরু হবে ভোট পর্ব। প্রথম দফায় ভোটগ্রহণ হবে কোচবিহারে। উত্তরবঙ্গ সফরে গিয়ে সেই কোচবিহারেই দলীয় বৈঠকে বিশেষ বার্তা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নির্বাচনে ক্ষেত্রে তিনি বা তৃণমূল নেতৃত্ব যে কোনও ফাঁকিবাজি সহ্য করবেন না সেকথাও স্পষ্ট করে দিয়েছেন।

আরও পড়ুন: তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই রাজ্যে বৃষ্টি পূর্বাভাস, চৈত্রের দাবদাহ কাটিয়ে স্বস্তি ফিরবে?
২০১৯-এর নির্বাচনে (Loksabha Election 2019) উত্তরবঙ্গে ভালো ফল করতে পারেনি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। অধিকাংশ আসনেই জয় পেয়েছিল বিজেপি। ২০২৪-এ সেখানে ফুল বদলের লক্ষ্যে ময়দানে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নির্বাচনী স্ট্র্যাটেজি নির্ধারণে টানা কর্মসূচি রয়েছে তাঁর। মঙ্গলবার কোচবিহার নিউটাউন তৃণমূলের পার্টি অফিসে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে করেন তিনি। সেখানেই অভিষেক বলেন, ‘লোকসভা নির্বাচনে কী কী ইস্যু হতে চলেছে তা আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছে।’ প্রচারে যাতে কোনও খামতি না থাকে সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন অভিষেক।

উত্তরবঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি একাধিকবার প্রকাশ্যে এসেছে। গত লোকসভায় এই গোষ্ঠীদ্বন্দ্বই দলের খারাপ ফলের অন্যতম কারণ বলে মনে করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এনিয়ে বলেন, ‘হাতে আর ১৫ দিন। সবার ঘরে ঘরে পৌঁছে যান। সবার সঙ্গে কথা বলুন। কেন তৃণমূল কংগ্রেস (TMC) বিজেপির বিরোধিতা করছে, বিজেপি কী কী অসুবিধা তৈরি করছে তা তুলে ধরতে হবে।’
প্রথম দফায় ভোট কোচবিহারে, ‘ফাঁকিবাজি নয়’, কড়া বার্তা অভিষেকের

প্রসঙ্গত, গত সোমবার আলিপুরদুয়ারে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘দ্বন্দ্বের কারণে দল হারলে বরদাস্ত করব না। মনোমালিন্য বা দ্বন্দ্ব রাখলে দলের বাইরে চলে যান। দলে থেকে কাজ করতে হবে না।’ একইসঙ্গে জলপাইগুড়ি তৃণমূল নেতৃত্বকেও তিনি বলেন, ‘কে কী পেয়েছেন, কে কী পেতে পারতেন, কেন পাননি, এখন এগুলি মূল্যায়ন করার সময় নয়। উত্তরবঙ্গে ভাল রেজাল্ট চাই।’



