সভামঞ্চে আগুন! অভিষেকের জনসভায় আতঙ্ক, অল্পের জন্য বড় বিপদ এড়াল

অভিষেকের সভা শেষে মঞ্চে আগুন, দমকলের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেল। শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক অনুমান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জনসভা শেষ হতেই আচমকা আগুন! তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সভামঞ্চে হঠাৎই আগুন লাগায় চাঞ্চল্য ছড়াল। সৌভাগ্যবশত, সেই সময় মঞ্চে ছিলেন না তিনি—না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।

শুক্রবার দুপুরে বীরভূমের লাভপুরে মা ফুল্লরা মেলার মাঠে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভায় বক্তব্য শেষ করে তিনি মঞ্চ ছেড়ে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই ঘটে যায় এই অঘটন।

চোখের সামনে আচমকাই মঞ্চের একদিক থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকায় হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়।

তবে দ্রুত পরিস্থিতি সামাল দেন ঘটনাস্থলে থাকা দমকল কর্মীরা। তাঁদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড়সড় ক্ষতি এড়ানো সম্ভব হয়।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। যদিও পুরো ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় বড় কোনও হতাহতের খবর না থাকলেও, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। সভাস্থলে নিরাপত্তা ব্যবস্থার যথাযথতা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন