ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা একাধিক সম্পত্তি নিয়ে এবার আরও কড়া অবস্থানে কলকাতা পুরসভা। শহরের বিভিন্ন প্রান্তে থাকা ওই সব নির্মাণের ‘এলিভেশন কপি’ জমা দিতে বলা হয়েছে পুরসভার বিল্ডিং বিভাগের তরফে। একই সঙ্গে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নামের বেসরকারি সংস্থার আওতাধীন সম্পত্তির নথিও চাওয়া হয়েছে বলে পুরসভা সূত্রে খবর।
এর আগেই দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড-সহ মোট ১৭টি সম্পত্তিতে বেআইনি নির্মাণের অভিযোগে নোটিস পাঠানো হয়েছিল। সেই নোটিসের জবাব দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা ১০ দিনের সময় চেয়েছেন বলে জানা গিয়েছে।


বুধবার এই ইস্যুতে মুখ খোলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন তিনি আইনের ঊর্ধ্বে। এখন মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন। বেআইনি নির্মাণ ভাঙতে সরকারি অর্থ নষ্ট না করে নিজেদেরই এগিয়ে এসে সেই অংশ ভেঙে ফেলা উচিত।”
পুরসভার আধিকারিকদের বক্তব্য, ‘এলিভেশন কপি’ হল বাড়ি তৈরির সময় জমা দেওয়া নকশার স্কেচ বা ডিজাইনের কপি। অনুমোদিত নকশার সঙ্গে বাস্তবে তৈরি হওয়া নির্মাণের মিল রয়েছে কি না, তা যাচাই করতেই এই নথি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
বিল্ডিং বিভাগের এক আধিকারিক জানান, কলকাতা পুরসভার বিল্ডিং রুলসের ৪০০(১) ধারায় যদি বেআইনি নির্মাণের অভিযোগ ওঠে, সেক্ষেত্রে ‘এলিভেশন কপি’ পরীক্ষা করে দেখা হয় কোথায় নিয়মভঙ্গ হয়েছে। গরমিল ধরা পড়লে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়।


এদিন আসানসোলের রামকৃষ্ণ মিশনে স্বামী বিবেকানন্দ ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। সেখানেই তিনি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের তরফে কী জবাব আসে, তা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে প্রশাসন।
অন্যদিকে কলকাতা পুরসভা সূত্রে খবর, বুধবারও তিলজলার গোলাম জিলানি খান রোড এলাকায় চারটি বেআইনি নির্মাণ ভাঙার কাজ হয়েছে। পাশাপাশি পার্ক সার্কাস সংলগ্ন দরগা রোডে প্রাক্তন মন্ত্রী ও কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খানের একটি বাড়িতেও ফের ৪০০(১) ধারায় নোটিস পাঠানো হয়েছে।
সব মিলিয়ে, কলকাতায় বেআইনি নির্মাণ বিরোধী অভিযানে প্রশাসন যে আরও সক্রিয় হচ্ছে, এই পদক্ষেপে তা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



