আচমকাই কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে রাজ্য-রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমে কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন। বিচারপতি পদ থেকে সরতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) ঘোষণা করেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। সাংবাদিক বৈঠকে তৃণমূল সরকারকে নিশানায় আনেন। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও (Abhishek Banerjee) কটাক্ষ করেছেন। এর পাল্টা জবাব দিয়েছেন অভিষেকও। এবার অভিজিতের মন্তব্যকে হাতিয়ার করেই সুপ্রিম কোর্টে যাচ্ছেন তৃণমূল সাংসদ।



আরও পড়ুন: পরিবার নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিলেন প্রধানমন্ত্রী, দিলেন নিজের পরিবারের পরিচয়
মঙ্গলবার বিচারপতি পদে ইস্তফা দিয়েই সাংবাদিক বৈঠক করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Former Justice Abhijit Ganguly)। বিজেপিতে যাওয়ার ঘোষণা করেই তৃণমূল সরকারকে বেনজির আক্রমণ করেন। তাঁর দাবি, তৃণমূল দল ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। ২০২৬ পর্যন্ত টিকবে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা যেভাবে তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, সেই থেকেই অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে আসছেন তিনি। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) আক্রমণ শানাতে দেখা যায় তাঁকে। ‘তালপাতার সেপাই’ বলে কটাক্ষ করেন অভিষেককে। পাশাপাশি ডায়মন্ড হারবারে তাঁকে প্রার্থী করা হলে লক্ষ লক্ষ ভোটে অভিষেককে হারাবেন বলেও দাবি করেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এনিয়ে প্রতিক্রিয়া দিয়ে পাল্টা নিশানা করেন প্রাক্তন বিচারপতিকে। বলেন, ‘দু তিনটে জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে। বিজেপির নেতারা আমার নাম নেন না, ভাববাচ্যে কথা বলেন। উনি এখন প্রাক্তন বিচারপতি। পদত্যাগ করেই ভাববাচ্যে কথা বলছেন। দ্বিতীয়, উনি স্পষ্ট করেই একটা সত্যি কথা বলেছেন। উনি বলেছেন, ‘আই অ্যাপ্রোচড দ্য বিজেপি, অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচড মি।’ অর্থাৎ ওনার এজলাসে মামলা চলাকালীনই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি।


বিচারপতির আসনে বসেই বিজেপির সঙ্গে যোগাযোগ! অভিজিতের মন্তব্যকে হাতিয়ার করে সুপ্রিম কোর্টে অভিষেক

গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যকে হাতিয়ার করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন তৃণমূল সাংসদ। অভিযোগ, বিচারপতি থাকাকালীন কীভাবে বিজেপির সঙ্গে যোগাযোগ করেন? তাহলে কি তাঁর রায় পক্ষপাতদুষ্ট? এই বিষয়গুলি দিয়েই দেশের শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন বলে খবর।








