কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দিয়েছেন, রাজনীতিতে পদার্পণ করতেই এই সিদ্ধান্ত। আজই বিজেপিতে (BJP) যোগ দেওয়ার কথা তাঁর। সেইমতই গেরুয়া শিবিরের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদিকা তথা দলের বিধায়ক অগ্নিমিত্রা পল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) বাড়িতে পৌঁছে গিয়েছেন। এদিন দুপুরেই বিজেপির কার্যালয়ে গিয়ে দলে যোগ দেবেন তিনি।



আরও পড়ুন: কলকাতা উত্তরে সজল, দমদমে তাপস, ডায়মন্ডে অভিজিৎ, বিজেপির বাজি আর কারা? #EXCLUSIVE
এদিন সকালেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সল্টলেকের বিজেপি পার্টি অফিসে নিয়ে যেতে তাঁর বাড়িতে যান দলের বিধায়ক অগ্নিমিত্রা পল। তাঁর হাতে ছিল একটি পুষ্পস্তবক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘অভিজিৎ বাবুকে দলে পেয়ে আমরা উচ্ছ্বসিত।’ এরপরই সল্টলেকের বিজেপির সদর দফতরে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে দেখেই বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস শুরু হয়। প্রাক্তন বিচারপতির উপর পুষ্পবৃষ্টি করা হয়।

এদিনের যোগদান অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) উপস্থিত থাকবেন। এছাড়াও অগ্নিমিত্রা পল, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সজল ঘোষ, কৌস্তভ বাগচী সহ বিজেপির বেশ কয়েকজন নেতা উপস্থিত থাকার কথা।


আইনের গণ্ডি পেরিয়ে রাজনীতির দরবারে, অভিজিতের বিজেপি যোগ এখন সময়ের অপেক্ষা

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যাওয়ার ঘোষণা করতেই সরব হয়েছে শাসক দল তৃণমূল। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘বিচারপতির আসনে বসেই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন।’ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে প্রাক্তন বিচারপতি অভিষেককে ‘তালপাতার সেপাই’ বলেও কটাক্ষ করেছিলেন। এর পাল্টা জবাব দিতে ছাড়েননি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।







