অপেক্ষার অবসান। কথামতই বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সল্টলেকের বিজেপির সদর দফতরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের পাশে বসেই গেরুয়া শিবিরে যোগদান করেন তিনি। এদিন সকালেই প্রাক্তন বিচারপতিকে পার্টি অফিসে নিয়ে যেতে তাঁর বাড়িতে যান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা তথা দলের বিধায়ক অগ্নিমিত্রা পল। গত মঙ্গলবারই অভিজিৎ (Abhijit Ganguly) জানিয়ে দিয়েছিলেন ৭ মার্চ তিনি বিজেপিতে যোগ দেবেন।



আরও পড়ুন: আইনের গণ্ডি পেরিয়ে রাজনীতির দরবারে, অভিজিতের বিজেপি যোগ এখন সময়ের অপেক্ষা
বৃহস্পতিবার বিজেপির সদর দফতরে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উত্তরীয় পরিয়ে বিজেপিতে স্বাগত জানান। এরপর তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। বিজেপিতে (BJP) যোগ দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি একটি সর্বভারতীয় দলে যোগ দিলাম। এমন একটি দল যার মাথায় নরেন্দ্র মোদী ও অমিত শাহদের মত ব্যক্তিত্ব রয়েছেন। দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসাবে কাজ করতে চাই আমি।’ তৃণমূলকে নিশানায় এনে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ থেকে রাজ্যের একটি দুর্নীতিগ্রস্ত দলের বিদায় দেওয়া যাতে তারা ২০২৬ সালে আর ক্ষমতায় আসতে না পারে। এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে, তাই যোগ দিয়েছি।’



বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মত একজন বিশিষ্ট ব্যক্তি বিজেপিতে যোগ দিতে চাইছেন। আগামী দিনে আমাদের দল তাঁকে নির্বাচনে ও অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করবে।’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্যের রাজনীতিতে এরকম একজনের প্রয়োজন ছিল। তাঁকে আক্রমণ করা হয়েছে। তাঁর কাজ করার ক্ষমতা কেড়ে নিয়েছিল।’
অভিজিতের রাজনীতির ময়দানে অভিষেক, সুকান্ত-শুভেন্দুর উপস্থিতিতে বিজেপিতে প্রাক্তন বিচারপতি

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের পরই এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে তৃণমূল। একটি ছবি শেয়ার করেছেন যেখানে লেখা ‘MY LORD’। তবে ইংরেজি বর্ণমালার ‘ও’ অক্ষরের পরিবর্তে একটি পদ্ম ফুলের ছবি রয়েছে। ক্যাপশনে লেখা, ‘যারা জানে, তারাই বুঝবে।’







