ছিলেন বিচারপতি। হলেন বিজেপি নেতা। আইনের এজলাস থেকে সোজা একেবারে জনতার এজলাসে। রাজনীতিতে যোগদানের সঙ্গে সঙ্গেই লোকসভা নির্বাচনের টিকিট! এমনকি তাঁর সাংসদ হবার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কথা হচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। তমলুকের বিজেপি প্রার্থী তিনি। ইতিমধ্যেই জমা করেছেন মনোনয়ন। আর সেখানেই হলফনামা থেকে জানা গিয়েছে তাঁর মোটসম্পত্তির পরিমাণ।
আরও পড়ুন: একদিন কেষ্ট ঠিকই বেরোবে, বীরভূমে ভোটপ্রচারে গিয়ে অনুব্রতর পাশে মমতা


হলফনামায় অভিজিৎ জানিয়েছেন, তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৭ লাখ ২১ হাজার টাকা। স্থাবর সম্পত্তি রয়েছে আরও ১ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার ৪৭২ টাকার। অস্থাবর সম্পত্তির মধ্যেই ধরা হয়েছে একটি গাড়ি, দু’টি সোনার আংটি এবং আইনের বইয়ের মূল্য। সেক্ষেত্রে, গাড়ির দাম প্রায় ৬ লাখ টাকা। আংটি দু’টির মোট মূল্য ৭৫ হাজার টাকা। বই রয়েছে ১২ লাখ টাকার।

অভিজিৎ জানিয়েছেন, বই তাঁর কাছে সম্পদ। এর মধ্যে বেশিরভাগই আইনের বই। স্থাবর সম্পত্তির মধ্যে তাঁর একটি চাষের জমি এবং একটি বাড়ি রয়েছে। চাষের জমিটি পৈতৃক বাড়ি হাওড়ার ডোমজুড়ের একটি পঞ্চায়েত এলাকায়। যার বাজার মূল্য প্রায় ৬০ লাখ ৩৪ হাজার টাকা।



কত টাকার মালিক অভিজিৎ? হলফনামায় জানালেন তমলুকের বিজেপি প্রার্থী
সল্টলেক সেক্টর-৩ এলাকায় একটি ১২০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাট রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এই ফ্ল্যাটের দাম ৮০ লাখ টাকা। এটি ঋণে কিনেছেন তিনি। যেখানে এখনও ৫০ লাখ ৭৭ হাজার টাকার ঋণ শোধ করা বাকী রয়েছে। অভিজিৎ মূলত একা মানুষ। পরিবার বলতে কিছু নেই। আইনজীবীর আগে তিনি ডব্লিউবিসিএস অফিসার ছিলেন। এরপর আইনের পথে আসেন এবং বর্তমানে সক্রিয় রাজনীতিতে।









