নজরবন্দি ব্যুরো: গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত ব্যবসায়ী আব্দুল লতিফ। ইলামবাজার পশু হাটের মালিক অনুব্রতর ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি গরুপাচার মামলা অন্যতম অভিযুক্ত এনামুল হকের ডান হাত এই লতিফের নাম সিবিআই যে চার্জশিটেও রয়েছে। এর আগে সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পাওয়ার পর, গত ২৭ এপ্রিল আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন গরুপাচারকাণ্ডে অভিযুক্ত ব্যবসায়ী শেখ আব্দুল লতিফ। তারপরে শর্ত সাপেক্ষে জামিন মেলায়, তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দারা।


তারপরে গত শনিবার ৯ দিনের অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষে মাস্কে মুখ লুকিয়ে আদালতে পৌঁছায় গরুপাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত শেখ আব্দুল লতিফ। যদিওবা সেদিন, আসানসোল আদালতে এক আইনজীবীর মৃত্যুর ঘটনায় শুনানি হয়নি আদালতে। এরপরেই সেদিন আব্দুলের হাজিরা রেকর্ড নিয়ে তাঁকে আজ, ৮ মে আবারও আসানসোল সিবিআই আদালতে হাজিরা দিতে বলা হয়।

আর সেই নির্দেশ মাফিক এদিন, সোমবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে হাজির হয় গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত ব্যবসায়ী আব্দুল লতিফ। আদালত সূত্রের খবর, সোমবারও লতিফের শর্তসাপেক্ষে জামিন বহাল রাখার নির্দেশ দেয় আদালত। তবে কিছুটা শিথিল হয় জামিনের শর্ত। এরপরে আগামী ২০ মে তাঁকে ফের সিবিআই আদালতে পরবর্তী হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।



এখানেই শেষ নয়, আদালতের নির্দেশ মতে, আগামী ২০ মে পর্যন্ত চার দিন অন্তর সিবিআই আইওর সঙ্গে দেখা করতে হবে লতিফকে। তাঁকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। সোমবার এহেন রায় দেন আসানসোল বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। যেহেতু তদন্তকারীদের দাবি, বীরভূম থেকে গরুকে ট্রাকে তুলে, মুর্শিদাবাদ জেলার ওমরপুরে পাঠানোর দায়িত্ব ছিল এই লতিফের উপর। পরে সেগুলি পৌঁছে যেত বাংলাদেশে। সেই কারণেই গরুপাচার মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন আধিকারিকরা। তাছাড়াও সিবিআইয়ের পাশাপাশি ইডির চার্জশিটেও নাম রয়েছে ব্যবসায়ীর।
গরুপাচার মামলায় শর্তসাপেক্ষে জামিন বহাল আব্দুলের, পরবর্তী হাজিরার নির্দেশ ২০ মে








