নজরবন্দি ব্যুরো: অভিনয় জগত থেকে এবার বিরতি নিলেন আমির খান (Aamir Khan)। ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থতার পর তাঁকে আর বড় পর্দায় তেমনভাবে দেখা যায়নি। সম্প্রতি বহুদিন পর তাঁকে দিল্লির একটি অনুষ্ঠানে দেখা গেল, তাও একদম নতুন লুকে। আর সেখানেই তিনি তার আসন্ন প্রোডাকশনের বিষয়ে বলতে গিয়ে জানান, কেরিয়ারে কিছুদিন বিরতি নিতে চান তিনি।
আরও পড়ুন: পিতৃবিয়োগে শোকগ্রস্ত দক্ষিণী সুপারস্টার মহেশবাবু, চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা কৃষ্ণ


দীর্ঘ ৩৫ বছরের কেরিয়ারে এই প্রথমবার বিরতি নিতে চলেছেন তিনি। আমির ওই অনুষ্ঠানে বলেন, ‘আমি যখন অভিনেতা হিসেবে কোনও ছবিতে কাজ করি আমি তখন সম্পূর্ণভাবে জীবনের বাকি সব কিছু ভুলে যাই। আমার লাল সিং চাড্ডার পর আরও একটি ছবি করার কথা ছিল, চ্যাম্পিয়ন বলে। ওটার স্ক্রিপ্ট ভীষণ সুন্দর ছিল। গল্পও খুব সুন্দর। কিন্তু আমার মনে হচ্ছে আমার কিছুদিন বিরতি নেওয়া উচিত। আমার মা, পরিবার, সন্তানদের সঙ্গে সময় কাটানো উচিত।’

উল্লেখ্য, কিছুদিন আগেও শোনা যাচ্ছিল চ্যাম্পিয়ন ছবিতে অভিনয় করবেন আমির খান। কিন্তু তিনি যে অভিনয় করবেন না সেটা তাঁর ওই দিনের বক্তব্যের মাধ্যমেই বোঝা গেছে। কিন্তু আমির খান অভিনয় হিসেবে না থাকলেও প্রযোজক হিসেবে অবশ্যই থাকবেন। চ্যাম্পিয়ন ছবিটি আমির খান এবং সোনি পিকচার ইন্টারন্যাশনাল প্রোডাকশন এবং ২০০ নট আউট প্রোডাকশনের মিলিত প্রযোজনায় তৈরি হবে।
অভিনয় থেকে বিরতি নিলেন আমির, কি কারণে এমন সিদ্ধান্ত ?



তিনি এই প্রসঙ্গে বলেন, ‘আমি অভিনেতা হিসেবে কাজ করব না, কিন্তু প্রযোজক হিসেবে কাজ করব। তাই আমি চ্যাম্পিয়ন ছবির প্রযোজনা অবশ্যই করব। আমি যে কাজ করব ভেবেছিলাম এখন সেই কাজের কথা অন্যান্য অভিনেতাদের করতে বলব। আশা করছি সব ভালোই হবে।’ এছাড়াও অভিনেতা জানান তিনি জীবনের এমনটা একটা সময় দাঁড়িয়ে আছেন যেখানে তিনি তাঁর সম্পর্কগুলোকে উপভোগ করতে চান, সময় দিতে চান।







