যাত্রী সাথীতে এবার শাটল বাস! ৩৯ টাকা থেকে ভাড়া, কোন রুটে চলবে পরিষেবা?

যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে এবার শাটল বাস পরিষেবা চালুর উদ্যোগ রাজ্য পরিবহণ দফতরের। প্রথমে তিন রুটে বাস, ভাড়া ৩৯-৬৯ টাকা, থাকছে CCTV ও GPS সুবিধা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দৈনন্দিন যাতায়াতে এবার আরও বড় সুবিধা পেতে চলেছেন কলকাতা ও সংলগ্ন এলাকার যাত্রীরা। রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে যাত্রী সাথী (Yatri Sathi) অ্যাপের মাধ্যমে চালু হতে চলেছে শাটল বাস পরিষেবা। প্রাথমিকভাবে তিনটি গুরুত্বপূর্ণ রুটে এই পরিষেবা শুরু করার পরিকল্পনা হয়েছে। ভাড়া শুরু হতে পারে মাত্র ৩৯ টাকা থেকে, সর্বোচ্চ ভাড়া ৬৯ টাকা পর্যন্ত হতে পারে বলে পরিবহণ দফতর সূত্রে খবর।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সল্টলেক সেক্টর ফাইভ থেকে নিউটাউন রুটে পাওয়া যাবে যাত্রী সাথীর শাটল বাস। একইভাবে গড়িয়া থেকে সায়েন্স সিটি এবং হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেড রুটেও এই পরিষেবা চালুর কথা রয়েছে।

পরিবহণ দফতর সূত্রে জানা যাচ্ছে, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শাটল বাস পরিষেবা চালু রাখার পরিকল্পনা করা হয়েছে। যাত্রী সাথী অ্যাপের মাধ্যমেই এই বাস বুক করার সুযোগ মিলবে। অফিসযাত্রী এবং পড়ুয়াদের দৈনন্দিন যাতায়াত আরও সহজ করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বিশেষ করে কর্মজীবী মহিলাদের কথা মাথায় রেখেই এই পরিষেবায় একাধিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে। শাটল বাসের ভিতরে সিসিটিভি ক্যামেরা থাকবে। পাশাপাশি GPS ব্যবস্থার মাধ্যমে বাসের অবস্থানও সহজেই ট্র্যাক করা যাবে। ফলে যাত্রাপথে নিরাপত্তার পাশাপাশি বাসের অবস্থান জানার সুবিধাও পাবেন যাত্রীরা।

ভাড়ার ক্ষেত্রেও সাধারণ যাত্রীদের কথা মাথায় রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রাথমিক হিসাবে শাটল বাসের ভাড়া ৩৯ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৬৯ টাকা পর্যন্ত হতে পারে। নির্দিষ্ট রুট ও দূরত্ব অনুযায়ী ভাড়ার পার্থক্য থাকবে বলে পরিবহণ দফতর সূত্রে খবর।

যাত্রী সাথীর মাধ্যমে এই পরিষেবা চালুর পিছনে মূল লক্ষ্য গণপরিবহণ ব্যবস্থাকে আরও সহজলভ্য করা। বিশেষ করে যাঁদের প্রতিদিন অফিস বা পড়াশোনার জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, তাঁদের জন্য নির্দিষ্ট রুটে কম খরচে দ্রুত যাতায়াতের বিকল্প তৈরি করতে চাইছে রাজ্য।

এখানেই শেষ নয়। ভবিষ্যতে পরিষেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। পরিবহণ দফতর সূত্রে জানা যাচ্ছে, বালি, ব্যারাকপুর এবং শ্রীরামপুর থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এসি শাটল বাস চালানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সোনারপুর থেকে নিউটাউন রুটেও ভবিষ্যতে এই পরিষেবা চালু হতে পারে।

কলকাতা ও আশপাশের কর্মসংস্থানকেন্দ্রগুলির সঙ্গে বিভিন্ন শহরতলি ও আবাসিক এলাকার যোগাযোগ আরও মসৃণ করতেই এই সম্প্রসারণের পরিকল্পনা। বিশেষ করে কর্মজীবী মহিলা ও পড়ুয়াদের জন্য সাশ্রয়ী এবং নিরাপদ যাতায়াতের বিকল্প হিসেবে যাত্রী সাথীর শাটল বাস কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন